আপাত প্রাপ্ত খবর অনুযায়ী দায়িত্ব পাওয়ার পরই তড়িঘড়ি রাজ্যে আসতে চলেছেন তিনি। রবিবার দুপুরে মধ্যেই তিনি শহরে পৌঁছে যাবেন। নির্বাচন কমিশনের নির্দেশমতো দ্রুতই রাজ্যের দায়িত্ব বুঝে নিতে চান বিবেক দুবে।
কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন যে পরিমাণ নাটকীয়তা এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে তা বুঝতে পেরেই ভোটের আগে আরও বহু এলাকার পরিস্থিতি বুঝে নিতে আগেভাগেই বঙ্গে পা রাখছেন বিবেক দুবে। কমিশন সূত্রে খবর, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিরাপত্তাবাহিনীর সমন্বয়ের ভারও নেবেন তিনি।
গোটা নির্বাচনী প্রক্রিয়া নজরে রাখতে বিশেষ পর্যবেক্ষক পুলিশ পর্যবেক্ষক-সহ মোট ৪ জনকে নিয়োগ করেছে দিল্লি নির্বাচন কমিশন। বাংলার ৮ দফা ভোট হবে পর্যবেক্ষক অজয় নায়েকের তত্ত্বাবধানে। সঙ্গে রয়েছেন দুই বিশেষ পর্যবেক্ষক এবং এক পুলিশ পর্যবেক্ষক। শুক্রবার বিকেলে কমিশনের এই ঘোষণার পরই বাংলায় আসার পরিকল্পনা করে ফেলেছেন বিবেক দুবে। রবিবার দুপুরের মধ্যে তিনি পা রাখবেন শহরে। তারপর সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বুঝে নেবেন দায়িত্ব।
সেই সঙ্গে রাজ্যে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রায় ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। কীভাবে কোথায় তা মোতায়েন করা হবে, সঙ্গে রাজ্য পুলিশ কীভাবে কাজ করবে, এবার আর সেই দায়িত্ব শুধুই রাজ্য প্রশাসনের নয়। রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয় করে কাজ হবে।






