প্রেসিডেন্সি জেলে আজই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট, সিজিও কমপ্লেক্সেও পলিগ্রাফ টেস্ট সন্দীপ ঘোষের, আসল সত্যি সামনে আসবে?

আর জি কর কাণ্ডে চারিদিক থেকে উঠেছে বিক্ষোভ ও আন্দোলনের ডাক। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে। প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে তাকে। কবে পলিগ্রাফ টেস্ট করা হবে তার, তা নিয়ে ছিল প্রশ্ন। এবার সেই প্রশ্নের উত্তর মিলল।

আর জি কর কাণ্ডের অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি আগেই দেওয়া হয়েছিল। তবে টেস্ট হয়ে ওঠেনি। সন্দীপ ঘোষেরও কী পলিগ্রাফ টেস্ট হবে, তা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তখনই জানা গেল উত্তর।

গত বৃহস্পতিবার সন্দীপ ঘোষ ও আর জি করের চার চিকিৎসক পড়ুয়াকে নিয়ে শিয়ালদহ কোর্টে যায় সিবিআই। সেখানে রুদ্ধদ্বার আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে মুখোমুখি বসিয়ে সিবিআইয়ের তরফে তাঁদের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়। সেদিন সন্ধ্যেতেই সেই আবেদন মঞ্জুর করে আদালত।

এবার জানা গেল আজ, শনিবারই হবে সঞ্জয় রায় ও সন্দীপ ঘোষ-সহ আর জি করের চার চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট। জানা গিয়েছে, প্রেসিডেন্সি জেলেই হবে সঞ্জয়ের টেস্ট। আর সিজিও কমপ্লেক্সে হবে সন্দীপ ঘোষ ও বাকি ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট। সেই প্রস্তুতিই চলছে এই মুহূর্তে।

আজ, শনিবারও আগের সাতদিনের মতো সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ। অপেক্ষারত মিডিয়ার কোনও প্রশ্নের উত্তর না দিয়ে ঢুকে গেলেন গোয়েন্দা সংস্থার দফতরে। আর জি করের দুর্নীতির তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবারই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন সন্দীপ। যদিও তা গ্রহণ করেনি আদালত। পর্যবেক্ষকদের মতে, ঘটনা পরম্পরার জেরে সময় যত গড়াচ্ছে ততই স্নায়ুর চাপ বাড়ছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষর।   

আরও পড়ুনঃ ‘ঘটনার দিন সকালে এক প্রভাবশালী তৃণমূল বিধায়ককে সবার আগে ফোন করেন সন্দীপ ঘোষ’, কে সেই বিধায়ক? তরুণী চিকিৎসকের মৃত্যু নিয়ে আর কোন রহস্য?

এই পলিগ্রাফ টেস্ট আসলে কী?

এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে বোঝা যায় কেউ কোনও বিষয়ে মিথ্যে বলছে কী না। বিশেষজ্ঞদের মতে, কারোর পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তার নাড়ি স্পন্দন, শ্বাসপ্রশ্বাসের গতি, রক্তচাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে, তা দেখা হয়। কেউ যদি মিথ্যে কথা বলে, তাহলে তার হৃদস্পন্দন ও রক্তচাপের পরিবর্তন হয়। এর ফলেই ইঙ্গিত পাওয়া যায়। 

RELATED Articles