ঠিক কী ঘটেছিল সেই রাতে? কীভাবে খুন হলেন তরুণী চিকিৎসক? উত্তর পেতে অবশেষে শুরু হল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট!

আর জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট কবে হবে, তা নিয়ে উঠছিল প্রশ্ন। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যে হয়ে গেলেও এখনও অভিযুক্তের টেস্ট কেন হচ্ছে না, তা নিয়ে ওঠে প্রশ্ন। তবে এবার অবশেষে শুরু হল সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট।      

আপাতত প্রেসিডেন্সি জেলে রয়েছে সঞ্জয় রায়। গতকাল, শনিবার সেখানে যান সিবিআই আধিকারিকরা। কিন্তু কিছু যান্ত্রিক সমস্যার কারণে গতকাল সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হয়নি। জেলের মধ্যে এই টেস্ট করা কতটা সম্ভব, তা গতকাল খতিয়ে দেখে আসেন সিবিআই আধিকারিকরা। জেলের হাসপাতালের মধ্যেই ব্যবস্থা করা হয় সমস্ত সেটআপ।

এরপর আজ, রবিবার শুরু হয় সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। এর তত্ত্বাবধানে রয়েছে সিবিআইয়ের স্পেশাল টিম। সিএফএসএল-এর তত্ত্বাবধানেই চলছে পলিগ্রাফ টেস্ট। এসবিবি-র হাতে রয়েছে দুটি ডিভাইস।

বলে রাখি, সিবিআই সূত্রে খবর, জেরায় নাকি বারবার তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে সঞ্জয়। পুলিশ আগে জানিয়েছিল, সঞ্জয় নাকি তার দোষ স্বীকার করে ফাঁসি দেওয়ার কথা বলেছিল। কিন্তু সিবিআইয়ের দাবী, বারবার বয়ান বদলাচ্ছে সঞ্জয়। কখনও সে বলেছে, ঘটনার দিন সে সেমিনার হলে যায়নি, আবার কখনও বলেছে, সে নাকি শুধু সেমিনার হলে উঁকি দিয়েছিল।

কখনও আবার বয়ানে সঞ্জয় জানিয়েছে, সেমিনার হলে কেউ ছিলই না। এমন বারবার তার বয়ানে অসংলগ্ন কথা ধরা পড়ায় এবার পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্তই নেওয়া হয় সিবিআইয়ের তরফে। আজ সঞ্জয় ছাড়াও আরও দুই চিকিৎসকের পলিগ্রাফ টেস্ট হচ্ছে বলে খবর। এই টেস্টে এবার আসল সত্যি বেরিয়ে আসে কী না, সেটাই দেখার!  

আরও পড়ুনঃ রবিবাসরীয় সকালে অ্যাকশন মোডে সিবিআই, সন্দীপ ঘোষ ছাড়াও হানা তাঁর ঘনিষ্ঠ দেবাশিস সোম ও আর জি করের প্রাক্তন সুপারের বাড়িও

এই পলিগ্রাফ টেস্ট আসলে কী?

এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে বোঝা যায় কেউ কোনও বিষয়ে মিথ্যে বলছে কী না। বিশেষজ্ঞদের মতে, কারোর পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তার নাড়ি স্পন্দন, শ্বাসপ্রশ্বাসের গতি, রক্তচাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে, তা দেখা হয়। কেউ যদি মিথ্যে কথা বলে, তাহলে তার হৃদস্পন্দন ও রক্তচাপের পরিবর্তন হয়। এর ফলেই ইঙ্গিত পাওয়া যায়। 

RELATED Articles