বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। বিজেপির প্রার্থী হয়েছেন তমলুক থেকে। কিন্তু তাঁর এই বদল মেনে নিতে পারছেন না অনেকেই। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বিরুদ্ধে কার্টুন পোস্টার পড়ল মেদিনীপুরের নারায়ণগড়ে। আর এই পোস্টারকে ঘিরে বেশ শোরগোল গোটা এলাকায়।
মেদিনীপুর থেকে বিজেপির হয়ে লোকসভা ভোটে লড়ছেন অগ্নিমিত্রা পাল। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) লড়ছেন তমলুক থেকে। তবে তাঁর বিরুদ্ধে পোস্টার দেখা গেল মেদিনীপুরের নারায়ণগড়ে। কার্টুন পোস্টার পড়ল প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে। এর কোনওটাতে লেখা, “বিচারকের পদ ছেড়ে বিজেপি প্রার্থী, তোমার বিচার হায় হায়”। আবার কোনওটাতে লেখা, “কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত জব কার্ড হোল্ডারদের পক্ষ থেকে”।
এই ধরণের পোস্টারে কোনওটায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) সঙ্গে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীর ছবি, তো কোনও পোস্টারে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও দেখা গিয়েছে। আর এই নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য। অনেকেই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এই রাজনীতিতে আসাটা ভালোভাবে নিচ্ছেন না, তা বেশ স্পষ্ট। এই ঘটনায় তৃণমূলকে দায়ী করেছে বিজেপি।
তবে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। নারায়ণগড় ব্লকের তৃণমূলের এসসি, ওবিসি সেলের সভাপতি সুশান্ত ধর এই প্রসঙ্গে বলেন, “গরিব মানুষ ১০০ দিনের কাজ করা সত্ত্বেও প্রাপ্য টাকা পাননি। কেন্দ্রীয় সরকার বঞ্চিত করে রেখেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) একটি বিশেষ দলের সঙ্গে যোগসাজোশ করে প্রভাবিত হয়ে বেশ কিছু রায় দিয়েছেন। অথচ গরিব মানুষদের প্রাপ্য টাকার বিষয়ে কোনও পদক্ষেপ করেননি। তাই মানুষই ওনার বিরুদ্ধে ব্যানার দিয়েছেন”।
বলে রাখি, এর আগেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নামে পোস্টার পড়েছিল। তমলুকে প্রার্থী হিসাবে অভিজিতের নাম ঘোষণা হওয়ার আগেই সেখানে বিজেপি কার্যালয়ের সামনে পোস্টার পড়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) নামে। তাতে লেখা ছিল, “অভিজিৎ তুমি তো লোভী তাই বিজেপিতে, জবাব চাইছে মানুষ জবাব দাও”।





