তারাপীঠের ভূমি থেকে অযোধ্যায় জল-মাটি ও যজ্ঞের ভষ্ম পাঠানোর পর এবার রামমন্দিরের ভুমিপুজোর প্রসাদ পেলো তারাপীঠ। করোনা আতঙ্কে যখন দেশ কম্পমান তখনই ৫ই আগস্ট মহা ধুমধাম সহকারে অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ শনিবার অর্থাৎ ২২শে আগস্ট সকালে মহাশ্মশান ও পূর্ব সাগর মোড়ে সেই পুজোরই প্রসাদ বিতরণ করলেন বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের নেতারা।
অযোধ্যা রামমন্দিরের ভূমি পুজো উপলক্ষ্যে ২৮ জুলাই দ্বারকা নদ ও জীবিত কুণ্ডের জল, মহাশশ্মানের মাটি সহযোগে যজ্ঞের আয়োজন করা হয় তারাপীঠ মন্দির চত্বরে। যজ্ঞ শেষে পিতলের কলসে ভরে ভষ্ম বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের হাতে তুলে দেওয়া হয়। এরপর কলকাতায় তিনটি কলস একত্রিত করে পাঠিয়ে দেওয়া হয় অযোধ্যায়। বস্তুত এরআগে রামশিলার পুজো সময়েও তারাপীঠ থেকে অযোধ্যায় ইঁট পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য অযোধ্যায় ভূমি পুজোর দিন বাংলায় ছিল সাপ্তাহিক লকডাউন। সেই আবহেই সেদিন রামের পুজো করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন বিজেপি কর্মীরা। গ্রেফতার করা হয় অনেকেই। গেরুয়া শিবিরের দাবি, লকডাউনের অজুহাতে দলের পার্টি অফিস ভাঙচুর চালিয়েছেন পুলিশকর্মীরা।





