‘ডিসেম্বরে সরকার ফেলতে পারলে আমি সাংসদ পদ কেন রাজ্যই ছেড়ে দেব’, মিঠুনকে সরাসরি চ্যালেঞ্জ প্রসূনের

সাম্প্রতিককালে বিজেপি নেতারা বারবার দাবী করে আসছেন যে ডিসেম্বরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার পড়ে যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বারবার দাবী করছেন যে তৃণমূল সরকারের পতন নিশ্চিত। এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বাংলায় এসে সেই একই কথা শোনা যায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) গলাতেও। এবার তাঁর এই দাবীর পাল্টা দিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee)।

নানান সময়ে নানান বিজেপি নেতারা বর্তমান রাজ্য সরকারের অনিশ্চয়তার কথা বলেছেন। ডিসেম্বরে সরকার পড়ে যাওয়ার প্রসঙ্গে দিলীপ ঘোষ অবশ্য বলেছিলেন যে যিনি এই কথাটি বলেছেন, তিনি ভালো বলতে পারবেন। আবার সুকান্ত মজুমদার বা অগ্নিমিত্রা পাল ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরে কিছু একটা হবে। তবে ঠিক কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

এরই মধ্যে গত ২৩শে নভেম্বর জেলা সফরে বাংলায় আসেন মিঠুন চক্রবর্তী। পাঁচদিনের জেলা সফরে নানান জায়গায় কর্মসূচি ছিল তাঁর। এই কর্মসূচিতেই মিঠুন দাবী করেন যে ডিসেম্বরে রাজ্য সরকার পড়ে যাবে। এমনকী, তিনি এও জানান তৃণমূলের একাধিক সাংসদ–বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এর পাশাপাশি রাজ্য সরকারকে চোর, প্রতারক বলতেও তিনি ছাড়েন নি তিনি। রাজ্যের বিভিন্ন জেলায় প্রচারে গিয়ে এমনই সব মন্তব্য করতে দেখা যায় মহাগুরুকে।

মিঠুনের এই দাবীর প্রেক্ষিতে চ্যালেঞ্জ ছুঁড়ে তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “মিঠুন চক্রবর্তীকে চ্যালেঞ্জ করছি যদি তৃণমূল কংগ্রেস সরকারকে ডিসেম্বরে ফেলে দিতে পারেন তাহলে আমি শুধু সাংসদ পদ কেন, এই রাজ্য ছেড়েই চলে যাব। উনি খুব ভাল একজন অভিনেতা। খুব ভাল একজন মানুষ। কিন্তু, এই সব কথা ওঁর মুখে একেবারেই মানায় না। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন নেত্রী রয়েছেন সেখানে তৃণমূলকে কেউ হারাতে পারবে না”।

এমনকি, বিজেপি ও সিপিএম জোট নিয়ে মন্তব্য করেন তৃণমূল সাংসদ। নানান সমবায় নির্বাচনে বাম-রাম জোট করেছে। এই প্রসঙ্গে প্রসূন বলেন, “রাম–বাম এখন মিলেমিশে গিয়েছে। তবে মিলে গেলেও তৃণমূলের কিছুই করতে পারবে না। কে কী অন্যায় করল সেটা মমতাদির গায়ে লাগতে পারে না। উনি একেবারে সাদা ঝকঝকে রয়েছেন। আর শুভেন্দু অধিকারীর কথা শুনে আমার খুব খারাপ লাগে। বলছে তৃণমূলের সবাই চোর। এটা কখনও হতে পারে! আমিও তো তৃণমূলের একজন সদস্য। তাহলে আমাকে ধরে নিয়ে গিয়ে দেখুক”।

RELATED Articles