এবার থেকে নবান্নতেই হবে প্রেগন্যান্সি টেস্ট। শুধুমাত্র প্রেগন্যান্সি টেস্টই নয়, নবান্ন থেকে এবার কোভিড, হিমোগ্লোবিন ও আরও একাধিক টেস্ট করানো যাবে বলে জানা গিয়েছে। ব্লাড প্রেশার বা টেম্পারেচার মাপার ব্যবস্থাও থাকছে।
গোটা বিষয়টি কী সত্যি?
হ্যাঁ, এতক্ষণ ঠিকই পড়েছেন। এবার থেকে সত্যিই নবান্নে করা যাবে প্রেগন্যান্সি-সহ একাধিক টেস্ট। কারণ এবার নবান্নে চালু হচ্ছে ক্লাউড ক্লিনিক কিয়স্ক। এই কিয়স্কেই হবে এই সমস্ত টেস্ট। জানা গিয়েছে, এই ক্লাউড ক্লিনিক কিয়স্ক ব্যাটারি চালিত হবে। একবার চার্জ দিলে চলবে ৪৮ ঘণ্টা। ফলে লোডশেডিং হলেও কোনও সমস্যা নেই। আপাতত নবান্নতেই এই ব্যবস্থাপনা চালু হতে চলেছে। তবে ধীরে ধীরে তা এসএসকেএম ও কলকাতা পুরসভা-সহ একাধিক জায়গাতেও চালু হবে।
কী কী টেস্ট করানো যাবে এই ক্লাউড ক্লিনিক কিয়স্কে?
জানা গিয়েছে, এই ক্লাউড ক্লিনিক কিয়স্কে ৫০টিরও বেশি টেস্ট করানোর সুযোগ থাকছে। এর মধ্যে রয়েছে কোভিড অ্যান্টিজেন ও অ্যান্টিবডি, ওয়েট, টেম্পারেচার, ব্লাড প্রেশার, চক্ষু পরীক্ষা, ম্যালেরিয়া, ডেঙ্গি, টাইফয়েড, হেপাটাইটিস বি ও সি, চিকুনগুনিয়া, রক্তে শর্করা, বিলিরুবিন, ক্রিয়েটিনিন, মাইক্রোঅ্যালবুমিন, লিউকো সাইটস,পিএইচ, প্রোটিন, নাইট্রেট, গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন-সহ ডিজিট্যাল হেলথ রেকর্ড বিএমআই। প্রেগন্যান্সি টেস্টও করা যাবে এও জায়গাতেই।
কীভাবে মিলবে টেস্টের রিপোর্ট?
এই টেস্টের রিপোর্ট কীভাবে মিলবে, তা নিয়েও প্রশ্ন করেছেন অনেকেই। জানা যাচ্ছে, টেস্টের পর রোগীর হোয়াটসঅ্যাপ নম্বরে টেস্টের রিপোর্ট পিডিএফ আকারে পৌঁছে যাবে। এছাড়াও, থার্মাল প্রিন্টারের মাধ্যমেও রিপোর্ট মিলবে। ফলে ঝামেলা অনেক কম।





