সুরাপ্রেমীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ই নভেম্বর থেকে দাম কমছে বিদেশি মদের। এখনকার দামের তুলনায় কিছুটা সস্তা হবে বিয়ারের দামও। রাজ্য সরকার আবগারি শুল্ক কমিয়েছে, এই কারণেই কম হচ্ছে মদের দাম। এর জেরে বাজারে যে বিদেশি মদ ও বিয়ারের বিক্রি বাড়বে, তা বলাই বাহুল্য।
রাজ্য অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সরকার আবগারি শুল্কের হার সংশোধন করেছে। এর জেরে ভারতে উৎপাদিত বিদেশি মদ ও বিয়ারের দাম কমছে এই রাজ্যে।
বিশেষজ্ঞদের মতে, বিলিতি মদের দাম এখনকার তুলনায় দাম প্রায় ২৫ শতাংশ কমবে। বোতলের (৭৫০ মিলিলিটার) সর্বোচ্চ ২,০০০ টাকা এমআরপি পর্যন্ত দাম ১০০ থেকে ৪৫০ টাকা মতো কমবে। আর ২,২০০-২,৩০০ টাকা এমআরপি-র ক্ষেত্রে দাম ৫০০-৬০০ টাকা পর্যন্ত কমতে পারে।
দাম কমছে রয়্যাল স্ট্যাগের। আগে এই ব্র্যান্ডের দাম ছিল ৯৮০ টাকা, যা এখন মিলবে ৭১০ টাকায়। রয়্যাল চ্যালেঞ্জের দাম কমছে ২৭০ টাকা। এর বর্তমান দাম ১০০০ টাকা, কমে হবে ৭৩০ টাকা। অন্যদিকে ব্লেন্ডার্স প্রাইডের দাম ১৩৫০ টাকা থেকে কমে হতে পারে ৯২০ টাকা। ম্যাকডয়েল সেলিব্রেশন রামের দাম কমার সম্ভাবনা ১০০ টাকা। অন্যদিকে, অ্যান্টিকুইটি ব্লু এর দাম ১৬১০ টাকা থেকে কমে হতে পারে ১২০০ টাকা।
কিন্তু এবার প্রশ্ন উঠছে মদের দাম কমলে তো সরকারের মোট আবগারি রাজস্ব আদায় কমে যাবে, তাহলে দৈনন্দিন খরচ ও মূলধনী ব্যয়ের জন্য রাজ্য কীভাবেএই আর্থিক ঘাটতি পূরণ করবে?
এই বিষয়ে এক প্রশাসনিক কর্তার জবাব, “মোটেও রাজস্ব আদায় কমবে না। বরং, দাম কমলে বিক্রি বাড়বে এবং আমাদের হিসাবে তাতে আবগারি রাজস্ব সংগ্রহও এখনকার তুলনায় অবশ্যই বৃদ্ধি পাবে”।
করোনার জেরে লকডাউন হয়ে যাওয়ায় গত বছর মার্চের শেষ সপ্তাহ থেকে রাজ্যের রাজস্ব সংগ্রহ থমকে যায়, এর জেরে বাধ্য হয়েই সরকার মদের উপর ৩০ শতাংশ বিক্রয় কর বসায়। এর কর পরিবর্তীতে আবগারি শুল্কে পরিণত হয়।
এর জেরে বিলিতি মদের দাম বেশ খানিকটা বেড়ে যায়। আর লিটার হিসাবে বিক্রির পরিমাণ অনেক কমে যায়। এর প্রভাব পড়ে ২০২০-২১ সালের সরকারের মোট আবগারি রাজস্ব সংগ্রহে। সংশোধিত হিসাবে, ২০২০-২১ সালে রাজ্যে মোট আবগারি রাজস্ব আদায় হয়েছে ১১,৪৫৮.৪০ কোটি টাকা, যা বাজেট লক্ষ্যমাত্রায় ছিল ১২,৭৩১.৫৬ কোটি টাকা।
উক্ত সরকারি কর্তার মতে, “চলতি অর্থ বছরের বাজেটে আবগারি রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ১৬,১০০ কোটি টাকা। এখনও পর্যন্ত সাত মাসে যে রাজস্ব আদায় হয়েছে, তাতে লক্ষ্যমাত্রা পূরণের ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী। এখন ২০১৯-২০ সালের তুলনায় বিলিতি মদের বিক্রি কম। দাম কমলে বিক্রি অবশ্যই বাড়বে”।
সরকারি সূত্রের খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গে ধীরে ধীরে দেশী মদের বদলে বিদেশি মদ বিক্রির পরিকল্পনা করছে রাজ্য সরকার। বিদেশি মদের গুণগত মান ভালো ও শুল্কের হার বেশি হওয়ায় রাজ্যের কোষাগারে অর্থ বাড়ার সম্ভাবনা রয়েছে।





