আচমকাই কলকাতায় বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম, কী কারণ এর নেপথ্যে? কেন এই দামবৃদ্ধি?

মূল্যবৃদ্ধির ছ্যাঁকায় অস্থির আমজনতা। বাজার এখন যেন অগ্নিমূল্য। কোনও সবজিতে হাত ছোঁয়াতেই যেন ভয় পাচ্ছে রাজ্যবাসী। শুধুমাত্র সবজি নয়, দাম বাড়ছে জ্বালানিরও। এরই মধ্যে এবার এল এক দুঃসংবাদ। কলকাতায় হঠাৎ করেই বেশ বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম।

জ্বালানির দাম নিয়ে সবসময়ই অভিযোগ থাকে আমজনতার। গত শনিবার মাঝরাতে বেড়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। গার্হস্থ্য সিলিন্ডারের দাম না বাড়লেও বেড়েছে বানিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। এর জেরে প্রভাব পড়বে হোটেল, রেস্তোরাঁর খাবারের দামে। যার জেরে পরোক্ষভাবে প্রভাবিত হবেন সাধারণ মানুষও। এসবের মধ্যেই এবার বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দামও।

জানা গিয়েছে, গতকাল, রবিবার দুই তেলেরই দাম বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এই দাম বেড়েছে কলকাতার কিছু অংশে। জানা যাচ্ছে, স্থানীয় কারণেই শুধুমাত্র কলকাতায় বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। সূত্রের খবর, বিক্রেতাদের কমিশন বৃদ্ধি ও গাড়ি ভাড়া সংক্রান্ত কিছু ঝামেলার কারণেই কলকাতায় বেড়েছে এই দুই জ্বালানির দাম।

এবার থেকে গাড়িতে পেট্রোল-দিজেল ভরতে গেলে ছয় পয়সা করে বেশি দিতে হবে কলকাতাবাসীদের। আইওসি-র পাম্পে পেট্রোলের দাম বেড়ে দাঁড়াল লিটার প্রতি ১০৫.০১ টাকা। এবার থেকে ডিজেল কিনতে হবে ৯১.৮২ টাকা প্রতি লিটার দরে। তবে এই দাম বৃদ্ধির সঙ্গে বিশ্ব বাজারের তেলের দাম বা লাভ-ক্ষতির কোনও যোগ নেই বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ মূল্যবৃদ্ধির জেরে পড়ুয়াদের পুষ্টিতে কাটছাঁট! মিড ডে মিলে ডিমই জুটছে না শিশুদের 

ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি জানালেন, এত আগেও এমন তেলের দামের ফারাক হয়েছে। তাঁর কথায়, “নানান পাম্পের মধ্যে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের দামে ৪-৬ পয়সার পার্থক্য ছিল। ডিপো থেকে পাম্পে তেল পরিবহণের খরচের কারণে। এই দাম বদলে সেই পার্থক্যটা আর থাকবে না”।

RELATED Articles