দেশে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭১ জন। গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। রাজ্যে অবশ্য লকডাউন আগেই ঘোষণা করা হয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়েছে তারও আগে। এবার ট্রাস্ট ফর চাইল্ড অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট ইন্ডিয়া নামে পশ্চিমবঙ্গের এক স্বেচ্ছাসেবী সংস্থা রাজ্যের সমস্ত বেসরকারি ইংরাজি মাধ্যমের স্কুলগুলির পড়ুয়াদের তিনমাসের বেতন মকুব করার জন্য অনুরোধ জানাল। সোমবার তাঁরা একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানিয়েছেন বেসরকারি স্কুল কর্তৃপক্ষদের উদ্দেশ্যে।
এই স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান শুভদীপ সাহা আমাদের জানিয়েছেন, ‘দেশ এখন পুরোপুরি গৃহবন্দি। কলকারখানা থেকে অফিসকাছারি সব বন্ধ। এই বেসরকারি ইংরাজি মাধ্যমগুলিতে বিভিন্ন পেশার মানুষের সন্তানরা পড়তে আসেন। এই পরিস্থিতিতে সেই মানুষগুলি পরবর্তী কয়েক মাসে তাঁদের সন্তানদের স্কুলের বেতন মেটাতে সমস্যায় পড়তে পারেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই এইসময় মানবতা দেখানোর কথা বলছেন। বড় শিল্পপতি থেকে শুরু করে খেলোয়াড় সবাই নিজের সাধ্যমত সাহায্য করছেন।’

তিনি আরও বলেন যে, ‘শিক্ষকদের দেশ গড়ার কারিগর বলা হয়। দেশের এই কঠিন পরিস্থিতিতে এই কারিগররা কি চুপ করে থাকবেন? আগামী কয়েকটা মাস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশকে পুনরায় গড়ে তুলতে হবে এবং তলানিতে ঠেকে যাওয়া অর্থনীতিকেও চাঙ্গা করতে হবে। অনেকেরই চাকরি এই লকডাউনের ফলে চলে গিয়েছে বা যাবে। এইসময় যদি আমরা একটু মনুষ্যত্ব না দেখাতে পারি তবে আমাদের সন্তানদের ভবিষ্যত অন্ধকার হয়ে যেতে পারে।’
তাই বর্তমান অবস্থার কথা বিবেচনা করে রাজ্যের সকল বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলগুলি যদি তাদের আগামী তিনমাসের বেতন মকুব করে তবে খুব ভালো হয়।
বর্তমান পরিস্থিতিতে আমাদের এক হয়ে লড়তে হবে। ট্রাস্ট ফর চাইল্ড অ্যান্ড সোশ্যাল ডেভলপমেন্ট ইন্ডিয়ার এই আবেদন সেই একতারই রূপ।





