আজ মহালয়া। আর ঠিক ৬ দিন পর পুজো। দিকে দিকে চলছে মাতৃ বন্দনার শেষ মুহূর্তের প্রস্তুতি। দশ হাতে অস্ত্রে সজ্জিত হয়ে চার ছেলেমেয়েকে নিয়ে মর্ত্যে আবির্ভূতা হবেন দেবী দুর্গা। ছোটো থেকে এভাবেই আমরা মা দুর্গাকে দেখে এসেছি। তবে এখন দেবী দুর্গার মূর্তিতে লেগেছে আধুনিকতার ছোঁয়া। মণ্ডপজুড়ে এখন থিমের প্রতিযোগিতা। এমন সময় এবার কলকাতারই এক পুজো কমিটি এক অনন্য থিম তৈরি করল যা সকলকে আবেগপ্রবণ করে তুলতে বাধ্য।
আর জি কর কাণ্ডের জেরে গোটা রাজ্য এখন উত্তাল। রাত দখল থেকে শুরু করে রাস্তা দখল, মিছিল, স্লোগান, সভা হচ্ছে ন্যায় বিচারের দাবীতে। আজ, মহালয়ার দিনও কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করেছে জুনিয়র চিকিৎসকরা। তাতে যোগ দেন নাগরিক সমাজ। এমন অবস্থায় এবার আর জি করের কথা মাথায় রেখেই এব বিশেষ থিম করল কলকাতার এক পুজো কমিটি।
আর জি কর কাণ্ডের জেরে শহরের মন খারাপ। ভালো নেই শহর। পুজোর আনন্দ থাকলেও সেই উন্মাদনাটা যেন নেই কারোর মধ্যেই। সকলেই মায়ের কাছে চাইছেন যাতে ন্যায় বিচার পায় ‘তিলোত্তমা’। শহরই যদি ভালো না থাকে, সন্তানদের মনে যদি খুশি, আনন্দ না থাকে, তাহলে কী মা ভালো থাকতে পারেন। সেই কারণেই হয়ত লজ্জায় নিজের মুখ ঢেকে নিলেন মা।
কলকাতার এক পুজো কমিটি এমনই থিম করেছে এই বছর। সেই মণ্ডপের মা দুর্গা দু’হাতে চোখ-মুখ ঢেকে রয়েছেন। শহরে যে ঘটনা ঘটেছে, আর জি করের ঘটনায় লজ্জিত হয়েই মায়ের এমন রূপ বলে দাবী পুজো উদ্যোক্তাদের। মায়ের এমন অবয়ব সমাজে এক বিশেষ বার্তা দেবে বলেই মনে করছেন তারা।
এই দেবী মূর্তি দেখা যাবে কাঁকুড়গাছির শ্রী শ্রী সরস্বতী ও কালী মাতা মন্দির পরিষদ পুজো কমিটির পুজোতে। এই থিম নিয়ে উদ্যোক্তারা জানাচ্ছেন, “এই প্যান্ডেলের থিম লজ্জা। শহরে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা থেকেই অনুপ্রাণিত। মায়ের শহরে এমন ঘটনায় লজ্জিত তিনি। তাই ঢেকেছেন চোখ”। তারা আরও জানান, “রাজ্যে যে ধরনের অরাজকতা চলছে তাকে সামনে আনতেই এই থিম”।
আরও পড়ুনঃ পুলিশের পরিচয়ে এলাকায় ঢুকে স্থানীয়দের উপর হামলা তৃণমূল দুষ্কৃতীদের, সংবাদমাধ্যমকে আক্রমণ, নির্বাক পুলিশ, দফায় দফায় উত্তপ্ত বাঁশদ্রোনী
এই মূর্তি নিয়ে অনেকেই বাহবা জানালেও অনেকেই এবার মায়ের এই মূর্তি নিয়ে নানান নেতিবাচক কথাও বলছেন। কারোর মতে, “এমন এক মূর্তির সামনে কীভাবে অষ্টমিতে অঞ্জলি দেব”। তবে আবার অনেকেরই বক্তব্য, “মহিলাদের নিরাপত্তা প্রয়োজন, এই নিয়ে ছবিটি সকলকে সচেতন করবে”। যদিও পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, মায়ের এই মূর্তিতে পুজো হবে না। পুজোর জন্য আলাদা মূর্তি রয়েছে।





