‘জিতে গেলে সবার আগে হুগলি থেকে দিদি নম্বরে ১-এ ডাকব’, ভোটারদের টিভিতে আসার লোভ দেখাচ্ছেন রচনা

প্রায় দোরগোড়ায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। নানান রাজনৈতিক দলগুলিই শুরু করে দিয়ে প্রচার। এবারের লোকসভা নির্বাচনেও বেশ কিছু তারকাকেই প্রার্থী করেছে তৃণমূল। আর এর মধ্যেই রয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। হুগলি থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে।

প্রচারের আবহে নানান প্রার্থীই নানান প্রতিশ্রুতি দিয়ে থাকেন আমজনতার উদ্দেশে। কেউ বলছেন রাস্তা তৈরি হবে, তো কেউ আবার জলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এবার রচনা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গেল প্রতিশ্রুতি। যদিও তাঁর প্রতিশ্রুতি একটু আলাদা।

কী প্রতিশ্রুতি দিচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়?  

গতকাল, রবিবার রাতে হুগলির বেগমপুরের হাটতলায় বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান থেকে তিনি বলেন, “ভোট প্রচারে বেরলে অগুনতি মানুষ যখন এসে বলে দিদি আপনার পাশে আছি, মনে হয় দশ জন্ম পূণ্য করে এটা আমি পেয়েছি”। এরপর দর্শকাসন থেকে ‘দিদি নম্বর ১’এর প্রসঙ্গ উঠলে রচনা বলেন, “আমি দিদি নম্বর ওয়ানে সবসময় বলি, ‘এবার বল’। সেটাই বলব। এবার আপনারাই বলবেন”।

এরপরই এক প্রতিশ্রুতি দেন রচনা। বলেন, “আরও একটা কথা বলে দিই, আমি যদি বিজয়ী হই, সবথেকে বড় কাজ করব… হুগলির দিদি দের সবার আগে দিদি নম্বর ওয়ানে ডাকব। বলব হুগলি জেলার মানুষ আমাকে জিতিয়ে নিয়ে এসেছে, হুগলি জেলার দিদি-দের আগে ডাকব”।

এদিন রচনা আরও জানান, হুগলি থেকে যারা দিদি নম্বর ১-এ গিয়েছেন, তাদের মধ্যে অনেকেই তাঁকে জগদ্ধাত্রী পুজোতে যাওয়ার জন্য বলেছেন। তিনি এও এদিন বলেন যে বেগমপুর থেকে তিনি শাড়ি নিয়ে যাবেন। যদিও রচনার প্রতিশ্রুতি নিয়ে বিরোধীদের দাবী, মহিলাদের টিভিতে মুখ দেখানোর লোভ দেখিয়ে ভোট আদায় করতে চাইছেন তৃণমূল প্রার্থী।

RELATED Articles