Weather update : বৃষ্টি হবে, ঝোড়ো হাওয়াও বইবে—তবু কমবে না গরম! জানুন আবহাওয়ার আপডেট!

জুনের প্রথম সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ যেন মুখ ভার করেছে। বুধবার সকাল থেকেই সূর্যের দেখা নেই, কিন্তু তাতেও মিলছে না স্বস্তি। বরং আর্দ্রতাজনিত ভ্যাপসা গরমে নাজেহাল শহরবাসী। মঙ্গলবার রাতের কিছুটা বৃষ্টি মানুষকে স্বস্তি দেবে ভেবেছিলেন অনেকে, কিন্তু বাস্তবে গরম আরও বেড়েছে বলেই অভিযোগ। এই অবস্থায় কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে বিকেলের দিকে আকাশ আরও ঘনিয়ে আসতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে ঝরতে পারে বৃষ্টি। ফলে যারা বাইরে কাজ করেন, তাঁদের ছাতা নিয়ে বেরনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

শুধু বৃষ্টি নয়, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শহর কলকাতাসহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এই পরিস্থিতি তৈরি হতে পারে। আকাশ মেঘলা থাকলেও গরমের দাপট কিন্তু একটুও কমছে না।

যাঁরা ভাবছেন এই বৃষ্টি গরম থেকে স্বস্তি দেবে, তাঁদের জন্য খবর খারাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, সাময়িক এই বৃষ্টিতে স্বস্তি মিলবে না। বরং আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে পারদ আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বিশেষ করে কলকাতা ও সংলগ্ন অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে বলেই পূর্বাভাস। সঙ্গে বাড়বে আর্দ্রতা, ফলে অস্বস্তি থেকেই যাবে।

আরও পড়ুনঃ Astrology : ৭ জুন শুরু অশুভ ‘কুজ-কেতু যোগ’! ৩ রাশির আর্থিক বিপর্যয়ের আশঙ্কা, সতর্ক না থাকলেই সর্বনাশ

কলকাতা শহরের আবহাওয়া আগামী ২৪ ঘণ্টায় একই রকম থাকার সম্ভাবনা। দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বিকেলের দিকে হালকা ঝড়-বৃষ্টি হতে পারে, তবে তা খুব বেশি সময় স্থায়ী হবে না। রাতে গরমের দাপট কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে চরমে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles