Weather update : ৪৮ ঘণ্টা চলবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি! নামবে পারদ, কিন্তু বর্ষা আসছে কবে?

রবিবার রাত থেকেই শুরু হয়েছে মেঘের ডাকাডাকি। বিদ্যুতের ঝলকানি আর গর্জন যেন জানান দিয়ে গেল বর্ষার আগমনী সুর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজেছে প্রবল বৃষ্টিতে। সারা রাত ধরে টানা বৃষ্টির জেরে সোমবার সকালেও ছিল ভিজে পরিবেশ। প্রশ্ন উঠছে—এই কি তবে বর্ষার আগমন? আবহাওয়ার এমন আচরণে স্বস্তি যেমন মিলেছে, তেমনই তৈরি হয়েছে উদ্বেগও।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আজ ও আগামীকাল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস। এমনকি দিনের তাপমাত্রাও এই সময়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে রাতের তাপমাত্রা ইতিমধ্যেই প্রায় ৬ ডিগ্রি নেমে যাওয়ায় খানিকটা স্বস্তির অনুভূতি পাওয়া যাচ্ছে।

তবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই মিলবে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির মধ্যেও ঘেমে নাজেহাল হওয়ার আশঙ্কা থাকছে। এই স্বস্তি তাই সাময়িক বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এখনও পশ্চিম ও উত্তর-পশ্চিমের গরম হাওয়ায় থমকে আছে। ফলে নির্ধারিত ১০ জুনের আগেই বর্ষা আসবে এমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে ১২ জুনের দিকে। অর্থাৎ বর্ষা এখনও ঢোকেনি, এই মুহূর্তে যেটুকু বৃষ্টি হচ্ছে তা মূলত অস্থায়ী বজ্রগর্ভ মেঘের প্রভাব। ফলে কয়েকদিনের জন্য একটু স্বস্তি মিললেও পরবর্তী সময়ে গরম আবার ফিরে আসবে বলেই আশঙ্কা।

আরও পড়ুনঃ Astrology: হঠাৎ খুলে যাবে ভাগ্যের দরজা! হঠাৎই কেতু আশীর্বাদ ৫ রাশিজাতকের উপর—আপনি কী সেই সৌভাগ্যবানদের একজন?

উত্তরবঙ্গেও আগামী কিছুদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে বৃষ্টির প্রভাব কমবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের দেখা দিতে পারে শুকনো ও উষ্ণ আবহাওয়া। শুক্রবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা আবার বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সুতরাং বর্ষার জন্য এখনও কিছুটা অপেক্ষা করতেই হবে বঙ্গবাসীকে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর