বিকেলের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন, প্রবল ঝড়বৃষ্টির আভাস, শিলাবৃষ্টিতে ভিজবে বঙ্গ

শীত যাওয়ার পর থেকেই গরমে নাজেহাল বঙ্গবাসী। দিনের পারদ বাড়তে থাকছে, রাতের পারদ চড়ছে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস শোনাল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, চলতি সপ্তাহেই ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা-সহ দুই বঙ্গের একাধিক জেলায়। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হতে পারে পাহাড়েও। শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে কয়েকটি জেলায়।

আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে। শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।

তবে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।বেশি বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর, বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। সোমবার কোনও কোনও জেলায় এই পরিস্থিতি বজায় থাকতে পারে।

শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। যে কারণে জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। রবিবার বজ্রবিদ্যু-সহ বৃষ্টি হবে সংশ্লিষ্ট তিন জেলার পার্বত্য এলাকায়।

আবার সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তারই দাপটে আবহাওয়ার এই বদল বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম এবং অরুণাচল প্রদেশে।

RELATED Articles