স্বস্তির খবর! তাপপ্রবাহ থেকে মিলবে মুক্তি, সপ্তাহান্তে প্রবল বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

ফের তাপপ্রবাহের জেরে নাজেহাল অবস্থা হয়েছে বঙ্গবাসীর। তবে এবার এই পরিস্থিতি থেকে কিছুটা মুক্তি মিলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চললেও সপ্তাহান্তে নামবে বৃষ্টি। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে হাওড়া, কলকাতা, হুগলি, দুই ২৪ পরগণা, নদিয়া, দুই মেদিনীপুর জেলায়। এর জেরে গরম কিছুটা কমবে।

শুক্রবার থেকেই কলকাতায় আবহাওয়ার পরিবর্তনেক ইঙ্গিত দিল হাওয়া অফিস। এদিন সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। উষ্ণ ও শুষ্ক আবহাওয়া থাকলেও অস্বস্তি কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনি ও রবি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।

আজ, শুক্রবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি। গতকা, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪ থেকে ৮৭ শতাংশ। আজ পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে খবর।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় এলাকা থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এর জেরে রাজ্যে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। আর এর ফলেই আবহাওয়ার এই পরিবর্তন।

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের অন্যান্য জেলাগুলিতে আগামী দু-তিনদিন তাপমাত্রা দু-তিন ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ থেকে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা নেই। এই পরিস্থিতির উন্নতি হবে।

RELATED Articles