কালীপুজোতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, বৃষ্টির জেরে ভেস্তে যাবে ঠাকুর দেখার প্ল্যান, কী বলছে আবহাওয়া দফতর?

রাত পোহালেই কালীপুজো। আলোর উৎসবে মেতে উঠবে বাঙালি। তবে এসবের মধ্যেও বঙ্গবাসীর মনে একটাই আশঙ্কা, বৃষ্টিতে সব ভেস্তে যাবে না তো! এবার বঙ্গবাসীর আশঙ্কাই মনে হয় সত্যি হল। কালীপুজোতে বাংলার কপালে রয়েছে বেশ দুর্ভোগ। বৃষ্টিতে ভাসবে রাজ্য।

আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, এই মুহূর্তে উত্তর অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝাও বর্তমানে সক্রিয়। আর এর জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর। আজ, বুধবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে  উত্তর ২৪ পরগণা, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে। আগামীকাল, বৃহস্পতিবারও কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় হালকা বৃষ্টি হতে পারে।

অক্টোবরের শেষ হতে চলল। এই সময় ধীরে ধীরে আবহাওয়া বদলানোর শুরু হওয়ার কথা। রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ থাকছে বটে। তবে সেভাবে শিরশিরানি ভাব এখনও অনুভূত হচ্ছে না। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়ার বড়সড় পরিবর্তন ঘটবে। কালীপুজোতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভাইফোঁটায় কিন্তু আকাশ মেঘমুক্তই থাকবে।

শুধুমাত্র দক্ষিণবঙ্গই নয়, আজ ও আগামীকাল উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে খবর। দুই দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, মালদহ, কালিম্পং ও আলিপুরদুয়ারে হবে বৃষ্টি। তবে নভেম্বর শুরু হতেই দুই দিনাজপুর, কোচবিহার, মালদহ ও জলপাইগুড়িতে শুষ্ক আবহাওয়া দেখা যাবে। কিন্তু নভেম্বরের প্রথম সপ্তাহে আবার হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles