বসন্তে বৃষ্টি! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজবে কলকাতা, সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া, জারি বিশেষ সতর্কতা

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা। বুধবার বিকেলের পর থেকে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং সুন্দরবন এলাকায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গের আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

শুক্রবার নাগাদ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। ওই দিন বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। শনিবার পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। রবিবার সবকটি জেলাতেই হালকা বৃষ্টি হতে পারে।

শনিবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও চলতি সপ্তাহের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

RELATED Articles