তাপমাত্রার ওঠা-নামার মধ্য দিয়ে চলছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) শীতের শেষ পর্ব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মাঘ মাসের শেষেই বিদায় নেবে শীত। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শীতের প্রভাব পুরোপুরি মিলিয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা। সরস্বতী পুজোর সময় শীতের তীব্রতা থাকলেও তা থাকবে না খুব বেশি দিন।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও এর সঙ্গে তাপমাত্রার খুব বেশি প্রভাব পড়বে না। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়ার পরিস্থিতি শুষ্ক থাকবে।
আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত কলকাতা এবং আশেপাশের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। এর ফলে শীতের অনুভূতি অনেকটাই কমে যাবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য তাপমাত্রা কমলেও, তা শীতের কামড় আনবে না।
সরস্বতী পুজোর দু’দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা সহ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মাঘ মাসের শেষের দিকে শীত বিদায় নিলেও হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুনঃ গ্রেপ্তার ডি বাপি বিরিয়ানির কর্ণধার তথা তৃণমূল সংসদ অনির্বাণ দাস!
মোটের উপর, দক্ষিণবঙ্গে শীতের বিদায় ঘনিয়ে এসেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই শীতকে বিদায় জানিয়ে বসন্তের আগমন ঘটবে। তবে বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক পরিবর্তনের খবরের জন্য আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুসরণ করা জরুরি।





