ক্রমেই বাড়ছে নিম্নচাপের ভ্রুকুটি, সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টিতে ভেস্তে যাবে না তো ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল?

একদিকে নিম্নচাপের চোখ রাঙানি আর অন্যদিকে ইডেনে বিশ্বকাপ সেমিফাইনালের উত্তেজনা। এই দুইয়ের জেরে এখন যেন শহরবাসীর উত্তেজনা তুঙ্গে। নিম্নচাপের জেরে আজ, বৃহস্পতিবার কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে ইডেনে বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ নিয়ে বেশ চিন্তিত ক্রিকেটপ্রেমীরা।

কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকের পর এবার উত্তর দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। বৃহস্পতিবার তা শক্তি বাড়িয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর তা ধীরে ধীরে এগোবে উত্তর ও উত্তর পূর্ব দিকে।

এই নিম্নচাপ আগামীকাল, শুক্রবার সকালে অবস্থান করবে ভুবনেশ্বরের কাছাকাছি ওড়িশা উপকূলে। উপকূল বরাবর ক্রমশ বাংলাদেশের দিকে এগোবে নিম্নচাপটি। এরপর শনিবার বিকেলের দিকে নিম্নচাপটি বাংলাদেশের সুন্দরবন এলাকার পাথরঘাটা মাথাবেড়িয়া দিয়ে বরিশালের অভিমুখে যাবে। নিম্নচাপ বাংলাদেশে সরে যাওয়ার পর রবিবার থেকে বাংলার আবহাওয়া বদলাবে। ফের কমবে তাপমাত্রা।

তবে এই নিম্নচাপের জেরে আজ, বৃহস্পতিবার সকাল থেকেই বাংলার আকাশের মুখভার। আজ থেকে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার।

কোথায় কোথায় হবে বৃষ্টি?

হাওয়া অফিস সূত্রে খবর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল, শুক্রবার পূর্ব মেদিনীপুর ও হাওড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবার কলকাতা, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles