এই বারের শীতের মরশুমে যেন বারবার শীতের পথে আসছে কাঁটা। মাঝ ডিসেম্বর থেকে তো রাজ্য থেকে উধাওই হয়ে গিয়েছিল ঠাণ্ডা। নতুন বছরের শুরুতে যাও বা শীতের আমেজ ধীরে ধীরে মিলছিল, এখন সেই সম্ভাবনাও ক্ষীণ হতে চলেছে। ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। আর এর জেরে কমবে শীত, বাড়বে তাপমাত্রা।
ফের শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পরপর ২ দিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আজ, শুক্রবার কলকাতা শহরের তাপমাত্রা ১৬.১ ডিগ্রিতে। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
কেন এমন আবহাওয়ার খামখেয়ালিপনা?
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, রাজ্যে পুবালি বাতাসের হাত ধরে জলীয় বাষ্প ঢুকছে। আর এর জেরেই নামবে বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
কোথায় কোথায় হবে বৃষ্টি?
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্র এবং শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান জেলার কোথাও কোথাও হালকা বৃষ্টির হতে পারে। ফের ঠাণ্ডা অনুভব করতে করতে ১০ জানুয়ারি কেটে যাবে বলে খবর।
তবে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় খামখেয়ালিপনা হলেও, উত্তরবঙ্গে বেশ জাঁকিয়েই শীত পড়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে দার্জিলিংয়ের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আবার আগামী কয়েকদিন কলকাতায় দিনের ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।





