বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রা, আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, এরপরই কী ফের বাড়বে গরম?

গত দু’দিনের বৃষ্টির যেতে তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেয়েছে বঙ্গবাসী। চামড়া জ্বালানো গরম এখন আর নেই। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম এখনই কমছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে এও জানিয়েছে যে শুক্র বা শনিবার থেকে কলকাতায় ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শিলাবৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, আজ, মঙ্গলবার বিকেলের পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল, বুধবার থেকে বৃষ্টি কমবে আর তার সঙ্গে বাড়বে তাপমাত্রা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং বীরভূম, মুর্শিদাবাদে বৃহস্পতিবার ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

কলকাতার তাপমাত্রা সামান্য হলেও কমেছে। আজ, মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি। গতকাল, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। কিছুদিন আগেও ৪০ ডিগ্রির উপর উঠে গিয়েছিল কলকাতার তাপমাত্রা। বেলা বাড়লেই লু বইছিল। সেখানে আজ কিছুটা হলেও স্বস্তি মিলেছে। গত ২৪ ঘণ্টায় ৫.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্র বা শনিবার থেকে ফের বৃষ্টি হবে কলকাতায়। তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে হবে বৃষ্টি।

এছাড়াও উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। হতে পারে শিলাবৃষ্টিও। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনাও রয়েছে।

RELATED Articles