পৌষের শুরুতেই শীতের দাপট, আপাতত শুষ্ক আবহাওয়া রাজ্যে

পৌষ মাসের প্রথম সকালেই রাজ্যজুড়ে শীতের দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যে শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার প্রভাব রাজ্যে পড়বে কিনা, তা নিয়ে এখনও নিশ্চিত নয় দফতর। এই শুষ্ক আবহাওয়ার ফলে রাজ্যের সর্বত্র শীতের আমেজ বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

নভেম্বর থেকেই রাজ্যে শীতের দাপট শুরু হয়েছে। মাঝেমধ্যে দু-একদিন তাপমাত্রা বেড়ে গেলেও, আবার তা দ্রুত ২০ ডিগ্রির নীচে নেমে গেছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলে শৈত্য প্রবাহ শুরু হয়েছিল। রবিবারও শৈত্য প্রবাহের প্রভাব কয়েকটি জেলায় লক্ষ্য করা যায়। যদিও সোমবার থেকে শৈত্য প্রবাহের সম্ভাবনা নেই। আলিপুর জানিয়েছে, আগামী কয়েকদিন দুই বঙ্গের তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকবে।

২১ ডিসেম্বর থেকে নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ক্রিস্টমাসে কনকনে ঠান্ডা থাকবে কিনা, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি। বিশেষজ্ঞদের অনুমান, কলকাতা এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রিস্টমাসের সময় কিছুটা বেশি থাকতে পারে। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের প্রকোপ খানিকটা কম অনুভূত হতে পারে।

রবিবার কলকাতা ও আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আর্দ্রতার মাত্রা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ ছিল। এই ঠান্ডা আবহাওয়ায় শহরবাসী বেশ উপভোগ করছেন শীতের আমেজ।

আরও পড়ুনঃ নতুন বছরে শনিদেবের আশীর্বাদে বিশেষ লাভ পাবেন বিশেষ ৩ রাশি, বড়ঠাকুরের সুনজরে আসতে চলেছেন কারা?

তাপমাত্রার ওঠানামার পাশাপাশি নিম্নচাপের সম্ভাবনা নিয়ে রাজ্যবাসী সতর্ক থাকলেও, আপাতত শীতের সুখ উপভোগে মগ্ন। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা আরও কিছুদিন একই রকম থাকবে। ফলে শীতের পোশাক, গরম চা, আর মকর সংক্রান্তির প্রস্তুতি নিয়ে রাজ্যের মানুষ মেতে উঠেছেন শীতের উৎসবে।

আরও অন্যান্য খবর