আপাতত বৃষ্টি থেকে মুক্তি দক্ষিণবঙ্গবাসীদের, কিন্তু উত্তরবঙ্গে চলবে দুর্যোগ, পুজোর সময় কলকাতায় ভিলেন হবে কী বৃষ্টি?

আর মাত্র কয়েকদিন বাদেই দুর্গাপুজো। বাঙালির সবথেকে বড় উৎসব। এই সময়টা সবকিছু ভুলে আনন্দ-উৎসবে মাতে মানুষ। এও বছরের পুজোতে জাঁকজমকে খানিক ভাঁটা রয়েছে বটে কিন্তু পুজো নিয়ে বেশ উচ্ছ্বাস বাঙালিদের মধ্যে। ফলে সকলেরই এখন একটাই প্রশ্ন, পুজোর সময় বৃষ্টি হবে না?

কিছুদিন আগেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হবে বঙ্গে। সেই সময়ই দুর্গাপুজো। ফলে সকলের মনটাই বেশ খারাপ হয়ে যায়। এবার হাওয়া অফিসের তরফে জানানো হল, পুজোর সময় কিন্তু বৃষ্টি হবে।      

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পুজোয় বৃষ্টি হলেও তা ভারী বৃষ্টি নয়। মূলত ১০ থেকে ১৩ অক্টোবর বৃষ্টি হবে। ফলে দুর্গাপুজোর দিনগুলোতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাল হাওয়া অফিস। এর ফলে সার্বিকভাবে পুজোর আনন্দে তেমন ভাঁটা পড়বে না।

জানা গিয়েছে, বর্তমানে দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ ও উত্তর-পূর্ব অসমে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। আর বৃষ্টি কমতেই শুরু হবে অস্বস্তিকর পরিস্থিতি।  

দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ কাটলেও উত্তরবঙ্গে প্রকোপ কিন্তু কমবে না। প্রাক পুজো বৃষ্টির জেরে নাজেহাল হতে হবে উত্তরবঙ্গের মানুষকে। হাওয়া অফিস সূত্রে খবর, ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে। আর বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার, মালদহ ও দুই দিনাজপুরে। বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা। নদীর জলস্তর বেড়ে গিয়ে প্লাবনের আশঙ্কাও রয়েছে।

প্রসঙ্গত, গতকাল, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। আজ, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ১.৩ মিলিমিটার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles