আজ দুর্গাপুজোর পঞ্চমী। কিন্তু আকাশ তেমনটা জানান যেন দিচ্ছে না। শরতের আকাশ বলে কথা কিন্তু কোথাও নীল আকাশের গায়ে পেঁজা তুলোর মতো মেঘের দেখা নেই। আকাশ কালো মেঘে ঢাকা। আবার ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। ফলে মন খারাপ বঙ্গবাসীর। গোটা পুজোটাই কী এমন বৃষ্টির মধ্যেই কাটবে, প্রশ্ন সকলের। আবহাওয়া নিয়ে কী জানাল আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতরের তরফে আগে আভাস দেওয়া হয়েছিল যে ষষ্ঠী থেকে কেটে যাবে দুর্যোগ। তবে এখন জানা যাচ্ছে, কলকাতা-সহ জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ রয়েছে। আবার উত্তর বাংলাদেশ ও উত্তরবঙ্গ লাগোয়া এলাকাতেই ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরেই আবহাওয়ার পরিবর্তন।
হাওয়া অফিস সূত্রে খবর, এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরে যাচ্ছে। ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ অন্ধপ্রদেশ ও উত্তর তামিলনাড়ু উপকূল এলাকায় রয়েছে। অন্যদিকে পাঞ্জাবে পশ্চিমী ঝঞ্ঝা শুরু হয়েছে।
তবে অবশেষে সুখবর দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বাংলায় পুজোতে ভারী বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। ১০ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে তবে তা পরিমাণে খুব কম। তবে বৃষ্টি কমার পাশাপাশি কলকাতায় তাপমাত্রা বাড়বে বলেও জানাল হাওয়া অফিস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের নানান জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পার্বত্য এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।





