আবহাওয়া দফতরের যা পূর্বাভাস, তাতে মনে হচ্ছে গোটা পুজোটাই হয়ত ছাতা মাথায় করেই কাটাতে হবে শহরবাসীকে। ষষ্ঠী থেকে দশমী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস। আর হলও তেমনটাই। আজ, সপ্তমীর দিনও হবে বৃষ্টি।
হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে গতকাল ষষ্ঠীর বিকেলে কোথাও কোথাও হয়েছে বৃষ্টি। একটানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে ভিজেছে কোনও কোনও এলাকা। আজ, বৃহস্পতিবার সপ্তমীতেও বৃষ্টি হতে পারে পূর্বাভাস আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গেও কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানাল হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানালেন, পুজোর সময় বৃষ্টির কথা শুনে এমন ভাবা উচিত নয় যে পুজো বানচাল হয়ে যাবে। তিনি জানান, পুজোতে বৃষ্টি হলেও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। সেই কারণে বাড়ি থেকে বেরোনোর আগে আবহাওয়ার রিপোর্ট দেখে নিলেই হবে।
কিন্তু পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস না থাকা সত্ত্বেও হঠাৎ এই হাওয়া বদল কেন? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। অন্যদিকে, উত্তর বাংলাদেশ ও উত্তরবঙ্গ লাগোয়া এলাকায় আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরেই আবহাওয়ার এমন পরিবর্তন।
আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সপ্তমীতে কলকাতা-সহ নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ১১ অক্টোবর অর্থাৎ অষ্টমীর দিন উত্তর ২৪ পরগণা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, ও নদিয়াতে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। দশমীর দিন বৃষ্টি কমবে বলে জানাল হাওয়া অফিস। তবে পুজোর মধ্যে যে ছাতা সঙ্গে নিয়েই ঘুরতে হবে, তা স্পষ্ট করল হাওয়া অফিস।





