উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। আর এই নিম্নচাপের চলতেই বুধবার থেকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস। জারি করা হয়েছে কমলা সতর্কতা।
সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। এমনকি কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টি। তবে এই বৃষ্টি সময়ের সাথে আরও বাড়বে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা বুধবার আরও শক্তিশালী হবে। আর তার জেরেই আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলি। এছাড়া বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শুধু বৃষ্টিই নয় নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বইবে। তাই দীঘা, মন্দারমনিতে বুধ ও বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে কলকাতার আকাশ আজও মূলত মেঘলাই থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজকে সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২১.৫ মিমি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৩ থেকে ৯৭ শতাংশ। যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।





