মানুষের জীবন বড়ই অদ্ভুত। ক্ষণিকের মধ্যে কখন কি ঘটে যায় কেউই জানেনা। দুর্ঘটনা কখনো কাউকে বলে আসেনা। এমনই একটি হঠাৎ দুর্ঘটনার সাক্ষী হল মেদিনীপুর শহর।
গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকালে মেদিনীপুর শহরের কেরানিতলা ভূমি রাজস্ব দপ্তর এর এক অতি পুরানো বিল্ডিং হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় প্রায় 25 জন অস্থায়ী শ্রমিক এই পুরনো ভবন থেকে নতুন রাজস্ব দপ্তর এর ভবনে বিভিন্ন রকমের কাগজপত্র, নথিপত্র সরানোর কাজ করছিলেন বলে জানা যায়। হঠাৎই আগাম সর্তকতার সুযোগ না দিয়েই পুরনো বিল্ডিং এর হল ঘরের ছাদে হুড়মুড়িয়ে মাথার ওপর ভেঙে পড়ে। অন্যান্য শ্রমিকরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলেও আটকে যান দুজন। জানা গেছে, তাদের নাম রাম সরেন ও শুভদীপ প্রামাণিক।
রাজ্য পুলিশের ডিএমজি, দমকল বাহিনী, এনডিআরএফ ও সিভিল ডিফেন্সের কর্মীরা রাতভোর ওই দুই শ্রমিকের খোঁজে পকলেন ও জেসিবির সাহায্যে কাজ করেন। অবশেষে ভোর তিনটে নাগাদ প্রায় ১৪ ঘণ্টার পর শুভদীপ প্রামাণিকের ক্ষতবিক্ষত দেহ প্রথমে উদ্ধার হয়। এরও প্রায় ঘণ্টাখানেক পরে রাম সরেনের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয় থেঁতলানো, ক্ষতবিক্ষত অবস্থায়। ময়নাতদন্তের জন্য দুটি দেহকেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুরনো রাজস্ব দপ্তরের ভবনটি এখনই ভেঙে পড়ার আদৌও সম্ভাবনা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।
প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ





