শুভেন্দুর পর বাংলার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে রাজীব অনুগামীরা! মুখ্যমন্ত্রীর সভার আগে মতুয়া-গড়ে সমর্থন পোস্টার

প্রথমে শুভেন্দু অধিকারীর অনুগামী আর এবার বাংলার রাজনীতিতে গুঞ্জন বাড়াতে নেমে পড়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা।

শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর‌ই শাসক শিবিরের বিরুদ্ধে কথা বলেছিলেন শুভেন্দু ঘনিষ্ঠ বনমন্ত্রী রাজীব। আর তারপর থেকেই রাজীবের সমর্থনে রাজ্যজুড়ে পোস্টার পড়তে শুরু করে।

আর এবার গোপালনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে ঠাকুরনগর, গাইঘাটায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেখা মিলল পোস্টারের।

এদিন দুই জায়গায় স্টেশন চত্বর, রাস্তায় রাজ্যের বনমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার, ফ্লেক্স দেখতে পাওয়া যায়। পোস্টারে রাজীব বন্দ্যোপাধ্যায়কে “কাজের মানুষ, কাছের মানুষ”, “ছাত্র-যুবর নয়নের মণি” বলে অভিহিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী লাভার্স সংগঠনের তরফে এই প্রচার বলে পোস্টার, ফ্লেক্সে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ যোগ্য, এদিনই বনগাঁ গোপালনগরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বিধানসভা নির্বাচনে ‘মতুয়া ফ্যাক্টর’কে কাজে লাগিয়ে মসনদ জিততে মরিয়া মুখ্যমন্ত্রী। আর সেই ঠাকুরনগর, গাইঘাটায় রাজীবের নামে এই পোস্টার পড়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বনগাঁ লোকসভা কেন্দ্রটি উভয় দলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ। গত লোকসভা ভোটে তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। মতুয়া ভোটের বড় অংশ বিজেপি পাওয়ায় এই কেন্দ্রে পিছিয়ে পড়ে তৃণমূল। ফলে বিধানসভা নির্বাচনের আগে এই কেন্দ্রে দাঁড়িয়েই আজ বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে শুধু গোপালনগর‌ই নয়, রাজ্যের বেশিরভাগ জায়গাতেই রাজীবের নামে পড়ছে পোস্টার।মঙ্গলবারও বনমন্ত্রীর নামে পোস্টার পরে পোস্টার তাঁর নিজের জেলা হাওড়ায়। টি রোড সংলগ্ন বালি খাল, বালি নিমতলা-সহ একাধিক জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ পোস্টার দেখা যায়।

কোথাও লেখা ‘শীত-গ্রীষ্ম-বর্ষা, রাজীবদা ভরসা।’ কোথাও আবার লেখা ‘দিকে দিকে লাখে লাখে, চাইছে মানুষ রাজীবদাকে।’ ‘আমরা দাদার সমর্থক’ ও ‘দাদার ভক্তদের’ নামে দেওয়া হয়েছে পোস্টারগুলি।

RELATED Articles