উত্তরপ্রদেশের অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে রাম মন্দিরের ভূমি পুজো। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশজুড়ে গেরুয়া পন্থী সংগঠনগুলি আজকের দিনটিকে উদযাপন করছে। কিন্তু পশ্চিমবঙ্গে বিধি বাম! মমতা সরকার আজকেই গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। যদিও বিজেপির তরফ থেকে বারবার বলা হয়েছিল আজকের দিনে লকডাউন না করতে তবুও রাজ্য সরকার কথা শোনেনি। যেহেতু আজকে মন্দিরে কেউ পুজো দিতে যেতে পারবেন না সেজন্য রাজ্য বিজেপি নেতারা নিজেদের বাসভবনেই পুজো করার ও প্রদীপ জ্বালানোর কর্মসূচি নিয়েছেন।
রাজ্য বিজেপির শীর্ষ নেতারা বেলা সাড়ে বারোটার সময় শঙ্খ ধ্বনি করবেন এবং পুজোও দেবেন বাড়িতে। আবার সন্ধ্যে সাড়ে ছয়টার সময় সকলেই নিজের বাসভবনে প্রদীপ জ্বালাবেন। এভাবেই আজকে রাম মন্দিরের ভূমি পুজো উৎসব বাড়িতে পালন করবেন রাজ্যের শীর্ষ বিজেপি নেতারা।
বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যেমন নিজের নিউটাউন-এর বাসভবন থেকে এই কর্মসূচি পালন করবেন। মুকুল রায় তাঁর কাঁচরাপাড়ার বাসস্থান থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা রিজেন্ট এস্টেটের বাসভবনে এই কর্মসূচি পালন করবেন।
রাজ্য বিজেপির রাজ্য ভাইস-প্রেসিডেন্ট প্রতাপ বন্দ্যোপাধ্যায় তাঁর রামকৃষ্ণ বোস স্ট্রীটের বাড়িতেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বিধাননগরের বাড়িতে এই কর্মসূচি পালন করবেন। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর-এর মজদুর ভবনে এই কর্মসূচি পালন করবেন। বঙ্গ বিজেপি-র অন্যতম মুখ তথা সাধারন সম্পাদক সঞ্জয় সিং হাওড়ার নিজ বাসভবনে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাজু বন্দ্যোপাধ্যায় তাঁর বেলঘরিয়ার বাসস্থানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এখন সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন তাই তিনিও তাঁর নর্থ এভিনিউয়ের বাসভবনে এই কর্মসূচি পালন করবেন। এমনটাই জানানো হয়েছে বিজেপির তরফ থেকে।





