বিরল রথযাত্রা তারাপীঠে! প্রভু জগন্নাথদেব নন, ভক্তদের দর্শন দিতে খোদ মা তারা ঘুরবেন রথে চেপে, ভক্তদের ঢল এলাকায়

Rath Yatra in Tarapith: আজ, রবিবার রথযাত্রা। পুরী তো বটেই, বাংলার নানান প্রান্তেও এদিন রথ সেজে উঠছে জগন্নাথদেবের জন্য। আজ যে তাঁর দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যাওয়ার দিন। এদিন যখন দিকে দিকে রথে চেপে জগন্নাথদেবের দর্শনের ছবির দেখা মেলে, সেই সময় এই রথযাত্রার দিন তারাপীঠে দেখা যায় এক অনন্য ছবি (Rath Yatra in Tarapith)। এখানে জগন্নাথদেব নন, রথে চেপে ঘোরেন খোদ মা তারা।

প্রাচীন রীতি মেনেই তারাপীঠের মা তারা এই রথযাত্রার দিন রথে চেপে দর্শন দেন ভক্তকুলকে। বছরের দু’দিনই ভক্তদের দেখা দিতে গর্ভগৃহ থেকে বাইরে আসেন মা তারা। এর মধ্যে একটি হল রথযাত্রা (Rath Yatra in Tarapith)। এদিন হাজার হাজার ভক্তের ঢল দেখা যায় তারাপীঠে। মা-কে এক নজর দর্শনের জন্য মরিয়া হয়ে থাকেন সকলে।

তারাপীঠে অধিষ্ঠাত্রী মা তারা নানান রূপে পূজিত হন। সর্ব দেবদেবী রূপেই এখানে পূজিত হন মা তারা। বছরে দুটি দিনই রয়েছে যেদিনগুলিতে মা তারাকে মূল মন্দির থেকে বাইরে আনা হয়। একটি হল শুক্লা চতুর্দশী অর্থাৎ মা তারার আবির্ভাবের দিন আর অন্যটি হল রথযাত্রার দিন। এদিন রথে চেপে তারাপীঠের নানান প্রান্ত প্রদক্ষিণ করেন তিনি (Rath Yatra in Tarapith)। মন্দিরের বাইরেও দেখা দেন ভক্তদের। আর মা-কে দেখতে উপচে পড়ে ভক্তদের ভিড়।

তারাপীঠের ইতিহাস অনুযায়ী, ১৭৮০ সালে তারাপীঠে এই রথের প্রচলন হয়েছিল নাটোরের রানী ভবানীর দত্তকপুত্র রাজা রামকৃষ্ণের হাত ধরে। পরবর্তীতে রথঘর নির্মাণ করেন কলকাতার এক ভক্ত আশালতা সাধুখাঁ। প্রথমে কাঠের রথে চেপে প্রদক্ষিণ করতেন মা তারা। এদিন রথের রশিতে টান দিতে তারাপীঠের মানুষ তো বটেই, রাজ্যের নানান প্রান্ত থেকে ভক্তরা ছুটে যান সেখানে (Rath Yatra in Tarapith)।    

এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “রথ সাজানো হবে ফুলের সাজে। দুপুর ৩টের সময় মাকে আনা হবে এই রথে। তারপর তারাপীঠ পরিক্রমা করবেন মা। ৩টে থেকে ৬টা। ভক্তরা দেখতে পাবেন মা তারাপীঠ পরিক্রমা করছেন। হাজার হাজার মানুষ আসবেন। তারও আলাদা প্রস্তুতি আছে। পুলিশ, মন্দির কমিটি সকলে একসঙ্গে দেখবে সেটা। রথের দিন মা যান ভক্তের কাছে। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার সুযোগ কেউ ছাড়তে চান না” (Rath Yatra in Tarapith)

RELATED Articles