৫৬ ভোগের মধ্যে একটি! রথযাত্রার দিন জগন্নাথদেবের পছন্দের ভোগ বানিয়ে নিবেদন করুন, সহজেই বানান কনিকা ভোগ

আজ রবিবার, ৭ই জুলাই রথযাত্রা উৎসব। প্রতিবছর এই দিনটি উৎসব মুখরভাবে পালিত হয়। এদিন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ভক্তদের আশীর্বাদ দিতে রথে আরোহন করেন। জগন্নাথ দেবের প্রিয় ভোগ রান্না করতে পারেন এই রথযাত্রায়। এই দিনে নিরামিষ আহার করার প্রথা আছে এবং ভক্তরা বিভিন্ন নিরামিষ পদ তৈরি করে থাকেন। আসুন জেনে নিই জগন্নাথ দেবের প্রিয় ভোগ ‘কনিকা’ তৈরির পদ্ধতি।

কনিকা ভোগ প্রস্তুত করতে উপকরণ হিসেবে প্রয়োজন বাসমতী চাল ৫০০ গ্রাম, কিশমিশ ১২টি, দুধ ৪ টেবিল চামচ, চিনি ১ কাপ, লবণ স্বাদমতো, ঘি ৫ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬টি, ছোট এলাচ ৩-৪টি, জয়িত্রি ১ চিমটি, দারুচিনি ১ টুকরা, তেজপাতা ২টি, কেশর ১ চিমটি (দুধে ভেজানো),হলুদ গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, গোটা গরম মশলা ১ চা চামচ।

প্রথমে বাসমতী চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। চালের মধ্যে হলুদগুঁড়ো মিশিয়ে এক ঘণ্টা মাখিয়ে রাখুন। কেশর দুধে ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। জয়িত্রি ও জায়ফল একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখুন।কড়াইতে ৫ টেবিল চামচ ঘি গরম করুন। তাতে কাজু বাদাম ও কিশমিশ ভেজে তুলে নিন। এরপর সেই ঘিয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা ও এলাচ দিয়ে নেড়ে নিন। হলুদ মাখানো চাল কড়াইতে দিয়ে ৫ মিনিট ভাজুন। এতে চালের সুবাস বেড়ে যাবে।

এবার পরিমাণমতো জল, চিনি ও লবণ যোগ করুন। ঢেকে কম-মাঝারি আঁচে রান্না করুন। স্বাদের জন্য জল কমিয়ে দুধও ব্যবহার করতে পারেন। চাল সেদ্ধ হয়ে গেলে দুধে ভেজানো কেশর, জয়িত্রি-জায়ফল গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেশান। ৫ মিনিট ঢিমে আঁচে রান্না করুন। এরপর পরিমাণমতো ঘি যোগ করে হালকা হাতে মেশান এবং নামিয়ে নিন।

এই সুস্বাদু ‘কনিকা’ ভোগ জগন্নাথ দেবের কাছে নিবেদন করুন। বিশেষ করে রথযাত্রার দিন এটি আদর্শ ভোগ হিসেবে বিবেচিত। কনিকা ভোগের স্বাদ বাড়ানোর জন্য কেশর ও দুধের পরিমাণ বাড়ানো যেতে পারে। চাল ভাজার সময় খেয়াল রাখুন যেন চাল পুড়ে না যায়। রথযাত্রার এই উৎসবমুখর দিনে, জগন্নাথ দেবের প্রিয় ভোগ তৈরি করে পূজা দিন।

RELATED Articles