আর জি কর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম বানানোর জেরে তৃণমূলের তরফে শাস্তি দেওয়া হয়েছে যুবনেত্রী রাজন্যা হালদার ও তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তীকে। দুজনকেই সাসপেন্ড করেছে দল। আর জি কর কাণ্ড নিয়ে বানানো এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন রাজন্যা আর পরিচালকের ভূমিকায় প্রান্তিক। দলের এই শাস্তি প্রসঙ্গে কী জানালেন যুবনেত্রী?
রাজন্যা হালদার অভিনীত এই শর্ট ফিল্মের পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে বেশ চর্চা শুরু হয়। এরই মাঝে গতকাল, শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে জানান, রাজন্যা হালদারকে যাদবপুর-ডায়মন্ডহারবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। আর প্রান্তিক চক্রবর্তীকে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে।
দলের শাস্তি যদিও মাথা পেতে নিয়েছেন রাজন্যা। তবে তাঁর কথায়, “প্রচ্ছদ দেখে গোটা উপন্যাসের বিচার করা ঠিক নয়। ছবিটি মুক্তি পেলেই আশাকরি সব প্রশ্নের উত্তর মিলবে। তখন হয়তো সকলে বুঝতে পারবেন কী কারণে এই টেলিফিল্ম”।
রাজন্যা ও প্রান্তিককে সাসপেন্ড করার প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ টুইটে লিখেছিলেন, “এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। দল এবিষয়ে কিছুই জানত না। যে বা যারা এর সঙ্গে জড়িত, খতিয়ে দেখে, কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বকে বলা হয়েছে”।
কেন রাজন্যা ও প্রান্তিককে শাস্তির মুখে পড়তে হল, সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন, “যে কোনও ব্যক্তির স্বাধীনতা আছে সৃষ্টিতে। কিন্তু তদন্তাধীন এই মর্মান্তিক ঘটনাকে দলের সঙ্গে জড়িত কেউ যদি ছবির প্রচারে ব্যবহার করে দল তার দায়িত্ব নেবে না। দল এবিষয়ে কোনও অনুমতি দেয়নি, দল জানত না”।
আরও পড়ুনঃ সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকের উপর হামলা, ফের সম্পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা
দলের এমন সিদ্ধান্তের জেরে কী তাহলে এই শর্ট ফিল্ম মুক্তি পিছিয়ে যাবে? এই প্রসঙ্গে প্রান্তিকের বক্তব্য, “এখনও পর্যন্ত ২ অক্টোবরই ছবিটি মুক্তি পাওয়ার কথা। সেটা পিছিয়ে দেওয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি”। মহালয়ার দিন এই ছবি মুক্তি পায় কী না, এখন সেটাই দেখার!





