এসএসসি দুর্নীতি মামলায় আজ, শুক্রবার ১৪টি জায়গায় তল্লাশি চালায় ইডি। এর মধ্যে ছিল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িও। এছাড়াও, পরেশ অধিকারী, মানিক ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও এদিন হানা দেয় ইডি আধিকারিক। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও।
ইডির সূত্রের খবর অনুযায়ী, এদিন ডায়মন্ড হারবার সিটির অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে সেখান থেকে ২০ কোটি টাকারও বেশি টাকা উদ্ধার করে ইডি। আর এই অর্পিতা মুখোপাধ্যায় হলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনি উপদেষ্টা।
সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ কলকাতার একটি আবাসনে থাকেন অর্পিতা। এই অর্পিতা মুখোপাধ্যায়ই গত বছর দুর্গাপুজোতে নাকতলা উদয়ন সংঘের মডেল হয়েছিলেন। আর নাকতলা উদয়ন সংঘ যে পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত, তা সকলেরই জানা। তিনি এই পুজো কমিটির চেয়ারম্যান। এমনকি, গত বছর পুজোর সময় পার্থ ও অর্পিতার একসঙ্গে ছবিও দেখা গিয়েছিল।
জানা গিয়েছে, ইডি এই টাকার বিষয়ে প্রশ্ন করে অর্পিতাকে। কোথা থেকে এত টাকা এল, তা নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু সেই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেন নি অর্পিতা। এই টাকা ছাড়াও, এদিন অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ও অনেক নথিপত্রও। সেগুলি বাজেয়াপ্ত করেছে ইডি। গোটা আবাসন ঘিরে ফেলেছে আধা সেনা।
এই বিপুল পরিমাণ টাকা গোনার কাজ চলছে। ইডির অনুমান, এসএসসি দুর্নীতিতে যে বিপুল টাকা বেআইনিভাবে আয় হয়েছিল, সেই টাকাই অর্পিতার বাড়িতে লুকিয়ে রেখেছিলেন পার্থ। উদ্ধার হওয়া ফোনগুলি থেকে কাদের কাদের সঙ্গে যোগাযোগ করা হত, তাও খতিয়ে দেখছে ইডি।
বলে রাখি, রাজনৈতিক মহলে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরেই বেশ কানাঘুষো শোনা যেত। এই নিয়ে নানান গুঞ্জনও ছিল। তবে অর্পিতার বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় হতবাক সকলেই।





