যুব মোর্চা সভাপতির পদ হারালেন সৌমিত্র খাঁ, মহিলা মোর্চার সভানেত্রীর পদে নেই অগ্নিমিত্রা পাল, বিজেপির রাজ্য কমিটিতে বড় রদবদল

গতকালই প্রকাশিত হয়েছে কলকাতা পুরসভা নির্বাচনের ফলাফল। এই নির্বাচনেও বিজেপি অবস্থা তলানিতে। এরই মধ্যে ব্যাপক রদবদল ঘটে গেল বিজেপি রাজ্য কমিটিতে। কমিটি গঠনের ক্ষেত্রে অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। তবে উল্লেখযোগ্যভাবেই এবার রাজ্য বিজেপির কোনও পদেই নেই সায়ন্তন বসু।

কমিটি রদলবদলের পরই রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি পদ খোয়ালেন সৌমিত্র খাঁ। তাঁর বদলে সেই পদের দায়িত্ব পেলেন ইন্দ্রনীল খাঁ। এদিকে রাজ্য বিজেপির সহ-সভাপতি পদে এলেন সৌমিত্র খাঁ।

রাজ্যের সাধারণ সম্পাদক হয়েছেন পাঁচজনকে। সাধারন সম্পাদকের পদে রয়েছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো, বিধায়ক অগ্নিমিত্রা পল, বিধায়ক দীপক বর্মন এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। সাধারণ সম্পাদক পদে নতুন এলেন দুই বিধায়ক ও জগন্নাথ চট্টোপাধ্যায়। সাধারণ সম্পাদক পদ থেকে বাদ পড়েছেন সায়ন্তন বসু, সঞ্জয় সিংয়ের মতো নেতারা।

এদিকে মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন অগ্নিমিত্রা পাল। কিন্তু সাধারণ সম্পাদক হওয়ায় এই পদ থেকে বাদ পড়েছেন তিনি। তাঁর জায়গায় মহিলা মোর্চা সভানেত্রী করা হয়েছে অনুজা চক্রবর্তীকে। তফসিলি মোর্চার সভাপতি হয়েছেন বিধায়ক জোয়েল মুর্মু।

অন্যদিকে, দলের সহ-সভাপতি হয়েছেন মোট ১১ জন। এই তালিকায় রয়েছেন অর্জুন সিং, জগন্নাথ সরকাররা। সঞ্জয় সিংকে সাধারণ সম্পাদকের বদলে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

রিতেশ তিওয়ারি আগে ছিলেন সহ-সভাপতির পদে। এবার সেই পদ থেকে বাদ পড়েছেন তিনি। নতুন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে প্রতাপ বন্দ্যোপাধ্যায়, বিশ্বপ্রিয় চৌধুরীদেরও। জয়প্রকাশ মজুমদার ও কংগ্রেস থেকে আসা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে দলের মুখপাত্র ঘোষণা করা হয়েছে।

সব মিলিয়ে ৩০-৩২ জনকে নিয়ে বিজেপির নতুন রাজ্য কমিটি গঠন করল রাজ্য বিজেপি। এতে প্রাধান্য পেয়েছেন মহিলারাও। শোনা যাচ্ছে, সহ-সভাপতি বা সাধারণ সম্পাদকের ক্ষেত্রেও বড় রদবদল করতে পারে বিজেপি।

RELATED Articles