মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় বড়সড় রদবদল! অর্থ রইল মমতার হাতেই, প্রতিমন্ত্রী হলেন চন্দ্রিমা-বেচারাম, পুলক গেলেন পঞ্চায়েতে

মন্ত্রিসভায় বেশ বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক দফতরের দায়িত্ব ভাগ করে দেওয়া হল এদিন। অর্থ দফতর নিজেই সামলাবেন মমতা। অর্থ উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল অমিত মিত্রকে। অন্যদিকে, অর্থ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে স্থির করা হল চন্দ্রিমা ভট্টাচার্যের নাম।

এতদিন ধরে পঞ্চায়েতের দায়িত্বে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর নেতৃত্বে এই দফতর বেশ ভালো কাজ করেছে। ১০০ দিনের কাজে দেশে একাধিকবার প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ।

কিন্তু সুব্রত মুখোপাধ্যায়ের অকালপ্রয়াণে পঞ্চায়েত দফতর শূন্য হয়ে পড়েছে। মন্ত্রিসভার এই রদবদলে পঞ্চায়েত দফতরের অতিরিক্ত দায়িত্ব পেলেন পুলক রায়। আর অন্যদিকে, পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ করা হল বেচারাম মান্নাকে।

এদিকে, সাধন পাণ্ডে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। এই কারণে তাঁর জায়গায় ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব দেওয়া হল মানস ভুঁইঞাকে। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্য়ায় এবং শশী পাঁজার দায়িত্ব খানিকটা বাড়ল। শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পেলেন পার্থ।

এদিকে আবার নারী ও শিশু কল্যাণের পাশাপাশি স্বনির্ভর দফতরের দায়িত্ব সামলাবেন শশী পাঁজা। তথ্য কমিশনের নতুন দুই সদস্য নিযুক্ত করা হল নবীন প্রকাশ এবং বীরেন্দ্রকে।

আরও অন্যান্য খবর