‘ক্লাবের অনুদানের ৫০ শতাংশ টাকা তৃণমূল নেতাদের পকেটে, সরকারি টাকা অপচয় হয়েছে’, ক্যাগের অডিটের দাবী শুভেন্দুর

ক্লাবগুলিকে যে অনুদান দেওয়া হয়েছে, এর জেরে সরকারি টাকা অপচয় করেছে সরকার। এই ঘটনায় ক্যাগের অডিট হোক, এমনটাই দাবী জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাল্টা জবাব দিতে ছাড়ে নি শাসকদল। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, শুভেন্দু আগে টাকা নয়ছয়ের প্রমাণ দিক।

তৃণমূল সরকারকে তোপ দেগেই রাজ্যের বিরোধী দলনেতা জানান, “প্রথমে দু’লাখ, পরে তিন লাখ – এত টাকা তিনি (‌মুখ্যমন্ত্রী)‌ দিয়ে গেলেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এর ৫০ শতাংশ টাকা তৃণমূলের নেতা, বিধায়করা ক্লাবের নাম করে তুলে নিচ্ছেন”।‌

এর পাশাপাশি শুভেন্দু আরও বলেন, “দান খয়রাতির পরিমাণ এক হাজার কোটি টাকারও বেশি। বিশাল পরিমাণে টাকার ক্যাগ অডিট হওয়া দরকার। এই টাকা ঠিক কোথায় গিয়েছে, সেটা জানা খুব দরকার। প্রধানমন্ত্রীকে এই বিষয়ে চিঠি লিখব যাতে উনি এই বিষয়ে ব্যবস্থা নেন”।

শুভেন্দুর এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।তাঁর কথায়, “‌আগে উনি ক’‌বছর তৃণমূলের বিধায়ক ছিলেন, সেটা দেখুন। উনি অভিযোগ করছেন, উনি সেটার প্রমাণ দিন। তার উনি স্বীকার করছেন, ওনার আমলে যা দেওয়া হয়েছে, তার অডিট হয়নি”।

RELATED Articles