বিজেপি কোনও যুক্তি ধোপে টিকল না। বিএসএফের এক্তিয়ার বাড়ানোর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হল প্রস্তাব। পঞ্জাবের পর পশ্চিমবঙ্গ দ্বিতীয় রাজ্য যেখানে এই প্রস্তাব পাশ হল।
আজ, মঙ্গলবার বিধানসভায় ভোটের মাধ্যমে রাজ্য সরকার এই প্রস্তাব পাশ করে। এদিন এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১১২টি ও প্রস্তাবের বিরোধিতা করে ভোট পড়ে ৬৩টি। এই পাশ হওয়া প্রস্তাব এবার পাঠানো হবে দিল্লিতে। সেখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
তবে বিএসএফের এক্তিয়ার বাড়ানোর বিরুদ্ধে এই প্রস্তাব যে পাশ হবে, তা মোটামুটি নিশ্চিতই ছিল। কারণ বিধানসভায় শাসকদলের বিধায়কের সংখ্যাই বেশি। এদিন এই প্রস্তাবের বিরোধিতা করে কেন্দ্র সরকারের সিদ্ধান্তে সায় দেন মাত্র ৬৩ জন। অন্যদিকে, প্রস্তাবের পক্ষ নেন ১১২ জন।
এদিন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিএসএফের এক্তিয়ার বাড়ানো ইস্যুটির বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করেন। বিধানসভার ১৮৫ নম্বর রুল অনুযায়ী বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাব আনা হয়। তা নিয়ে ভোটাভুটির অনুমতি দেন অধ্যক্ষ।
গত ১১ অক্টোবর একটি নোটিশ জারি করে বিএসএফের ক্ষমতা বাড়ানোর ঘোষণা করে কেন্দ্র সরকার। এরফলে পঞ্জাব, পশ্চিমবঙ্গ ও অসমে আন্তর্জাতিক সীমান্তে ৫০ কিমি পর্যন্ত অঞ্চলে তল্লাশি, বাজেয়াপ্ত আর গ্রেফতার করার অধিকার পায় বিএসএফ।
কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে পঞ্জাব ও পশ্চিমবঙ্গ। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে পঞ্জাব বিধানসভায় আগেই প্রস্তাব পেশ করা হয়েছে। এবার সেই একই পথে হাঁটল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিধানসভায় প্রস্তাব পাশ করল পশ্চিমবঙ্গ সরকারও।





