‘যে বিএসএফের জন্য নিরাপদে রয়েছেন, তাদের দিকেই আঙুল তুলছেন’, অপর্ণা সেনকে ‘সন্ত্রাসজীবী’ বলে তোপ সৌমিত্রের

কিছুদিন আগেই কেন্দ্র সরকারের তরফে বিএসএফের এক্তিয়ার বাড়ানোর কথা ঘোষণা করা হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে পশ্চিমবঙ্গ-সহ নানান রাজ্য। বিএসএফের এই ক্ষমতা বৃদ্ধির বিরুদ্ধে কথা বলেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনও। এরপরই তাঁকে কটাক্ষ শানান বিজেপি নেতা সৌমিত্র খাঁ।

গতকাল, সোমবার প্রেস ক্লাবে উপস্থিত নানান ব্যক্তির মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ জারি করেন অপর্ণা সেন। তাঁর সঙ্গে সহমত পোষণ করেন সেখানে উপস্থিত অনেকেই। অপর্ণা সেন অভিযোগ করে বলেন, “মিলিটারিদের ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে ছিটমহলের বাসিন্দাদের কথা ভাবলেই শিউরে উঠছি”।

এদিন অপর্ণা সেন আরও বলেন, “এমনিতেই তাঁদের যা অবস্থা, তাতে করে এখন যদি বিএসএফের এলাকা আরও বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাঁদের অবস্থা আরও দুর্বিষহ হয়ে উঠবে। সীমান্ত এলাকার মানুষেরা যাতে ব্যবসা-বাণিজ্য, চাষাবাদ করে খেতে পয়ারেন, সেটা রাজ্য সরকারকে দেখতে হবে”।

অভিনেত্রী-পরিচালকের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেন রাজ্য বিজেপির যুব মোর্চা সভাপতি তথা বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। টুইট করে তিনি অপর্ণা সেন-সহ নানান বুদ্ধিজীবীদের কটাক্ষ শানান। তাঁর কথায়, “বিপদের দিনে যারা মানুষের পাশে থাকে না তারা বুদ্ধিজীবী নয়, তাঁরা সন্ত্রাসজীবী”।

এদিন সৌমিত্র খাঁ আরও লেখেন, “যারা মানুষের পাশে বিপদের দিনে থাকে না তারা বুদ্ধিজীবি নয়, তারা সন্ত্রাসজীবী। যে বিএসএফের জন্য আপনারা নিরাপদে আছেন তাদের উপরেই আঙুল তুলছেন!করোনা থেকে আম্ফান একটা বিপদেও আপনাদের মানুষের পাশে দেখা যায় নি। শুধু রাজ্য সরকারের পদলেহন করে সংসার চালাচ্ছেন। বাংলার মানুষ লজ্জিত আপনার জন্য”।

RELATED Articles