ভোট পরবর্তী হিংসা মামলায় গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট-এর তদন্তের তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি মঞ্জুলা চেল্লুরকে। কিন্তু এদিন জানিয়ে দেন যে তিনি এই দায়িত্ব নিতে চান না।
বিচারপতির এমন সিদ্ধান্তে স্বভাবতই ধাক্কা খেতে হল শাসকদলকে। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মঞ্জুলা চেল্লুরের এই সিদ্ধান্ত মেনে নেয়।
আরও পড়ুন- ‘দুয়ারে রেশন’ প্রকল্প বন্ধের দাবী, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন রেশন ডিলারদের
এর আগে এই মামলার রায় প্রদানের সময় হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে সিটের তদন্ত তদারকির দায়িত্ব দেওয়া হবে সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে। কিন্তু এই সময় সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি পাওয়া যায়নি। এই কারণে রায় সংশোধন করে এই দায়িত্ব দেওয়া হয়েছিল মঞ্জুলা চেল্লুরকে। কিন্তু এখন তিনি তা নিতে অস্বীকার করলেন।
গত ১৯শে আগস্ট কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় যে রাজ্যে ভোর পরবর্তী হিংসায় খুন, ধর্ষণের মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করবে সিবিআই। আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল বা সিট।
ওই তদন্তকারী দলে রাখা হয় কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র-সহ সুমন বালা সাহু এবং রণবীর কুমার নামে দুই আইপিএস-কে। রাজ্য সরকারের তরফে আরও ১০ জন আইপিএসের নাম ঘোষণা করা হয়েছিল। যাঁদের উপর সিটের তদন্তে সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে। ওই ১০ জন আইপিএস পাঁচটি জোনে ভাগ হয়ে কাজ করবেন।





