‘মিষ্টি মিষ্টি ছড়া লিখেছেন মুখ্যমন্ত্রী’, এবার থেকে স্কুলে থাকবে মমতার বই, মান-অভিমানের মাঝে মুখ্যমন্ত্রীকে তুষ্ট করতেই কী এমন সিদ্ধান্ত ফিরহাদের

নানান বিষয়েই বই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর মধ্যে বেশ কয়েকটি কবিতা (rhymes) আবার সোশ্যাল মিডিয়ায় ইতিউতি ঘোরাফেরা করে। তাঁর লেখা, ‘এপাং ওপাং ঝপাং’ কবিতা নিয়ে অবশ্য কম হাসাহাসি (troll) করে না লোকজন। এই নিয়ে বিরোধীরাও কটাক্ষ শানায়। তবে সেসবে কোনও তোয়াক্কাই করেন না মাননীয়া মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবী করে এসেছেন যে এই বই বিক্রির টাকাতেই দিন চলে তাঁর। এবার থেকে তাঁর বই রাখা হবে স্কুলে। এমনটাই ঘোষণা করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বাচ্চাদের মন বুঝে কবিতা লিখেছেন। অনেকগুলো কিনেছি আমি। ভালো লাগবে খুব। মুখ্যমন্ত্রী বাচ্চাদের জন্য অনেক পদ্য লিখেছেন। সেগুলো খুব মিষ্টি”।

মমতার লেখা ‘মানুষ পাখি’, ‘হাঁটি হাঁটি পা পা’, ‘মোদের দেশ’, ‘মিলন তীর্থ’ এমন নানান কবিতার বই রয়েছে। এবার থেকে সেসব বই-ই থাকবে পুরসভার স্কুলে, এমনটাই জানা গেল। তবে কোন কোন বইগুলি রাখা হবে, তা এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে ধারণা, শিশু পাঠ্য বইগুলিই রাখা হবে।

কলকাতা পুরসভার অধীনে মোট ২৪২টি স্কুল রয়েছে। স্কুলে স্কুলে পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ার কারণে অনেক স্কুলই একসঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। পুরসভার ৫টি রয়েছে গ্রন্থাগার। সেখানে এই ধরণের বই আগেও রাখা হয়েছিল।

বলে রাখি, সম্প্রতি কলকাতায় পার্কিং ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তবে সেই সিদ্ধান্ত নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছিল বলে দাবী করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি এও জানান যে এই জন্য নাকি মমতা ফিরহাদের উপর ক্ষুব্ধ। পরে পার্কিং ফি বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয় পুরসভার তরফে। তাহলে কী এবার মুখ্যমন্ত্রীকে তুষ্ট করার জন্যই এমন সিদ্ধান্ত নিলেন ফিরহাদ? এমন প্রশ্নও উঠছে রাজনৈতিক মহলে।

RELATED Articles