গত কয়েকদিন ধরেই কুড়মিদের আন্দোলনের জেরে বেশ বিপাকে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এখনও সেই জট কাটে নি। এর জেরে দক্ষিণ-পূর্ব রেলে একাধিক ট্রেন বাতিল হয়েছে। আর এর ফলে চরম ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা।
জনজাতি তালিকাভুক্তির দাবীতে গত বুধবার থেকে খড়্গপুর গ্রামীণের খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তউরে ‘রেল টেকা, ডহর ছেঁকা’ কর্মসূচি শুরু করেছে আদিবাসী কুড়মি সমাজ।
দক্ষিণ-পূর্ণ রেল সূত্রে খবর, এই আন্দোলনের জেরে গত ৪ দিনে মোট ৩০৮টি ট্রেন বাতিল করতে হয়েছে। এর মধ্যে শনিবারই বাতিল হয়েছে ৭৫টি ট্রেন। অনেক ট্রেনের আবার গতিপথ বদল করতে হয়েছে বলে জানা গিয়েছে। অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ঢ় এড় জেরে চরম দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।
এর জেরে আর্থিক ক্ষতিরও আশঙ্কা রয়েছে। তবে অবরোধকারীদের দাবী, ‘কালচারাল রিসার্চ ইনস্টিটিউট’ (সিআরআই)-এর রিপোর্ট নিয়ে উপযুক্ত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে। দাবী আদায় না হলে অনির্দিষ্ট কাল ধরে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারিও দিয়েছে কুড়মি সমাজ।
বিগত চার দিন ধরে কুস্তাউর এবং খেমাশুলিতে রেল অবরোধ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। আজ, শনিবারও সেই একই ছবি দেখা গিয়েছে। আন্দোলনকারীরা রেললাইনের উপর পতাকা নিয়ে বসে রয়েছেন। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক পথে চলছে অবরোধ। ৫ দিন ধরে এমন অবরোধের জেরে আটকে রয়েছে বহু ট্রাক। বিলাসপুর, টাটানগর, মুম্বইয়ের মূল রেলপথও অবরুদ্ধ।





