এ যেন যে কোনও সিনেমার প্লটকেও হার মানাবে। দুঃসাহসিক এক ডাকাতির ঘটনা ঘটে গেল উত্তর ২৪ পরগণার অশোকনগরে। নিরাপত্তারক্ষী-সিভিক ভলান্টিয়ারদের বেঁধে রেখে দু’টি সোনার দোকানে সর্বস্ব লুঠ করে পালাল ডাকাতের দল। গত বুধবারের রাতের এই ঘটনায় চূড়ান্ত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
বুধবার মাঝরাতে শ্রীকৃষ্ণ পঞ্চায়েত লাগোয়া নুরপুর বাজারেএই ঘটনাটি ঘটে। অভিযোগ, ১৫ জন দুষ্কৃতী বাইকে চেপে বাজারে হানা দেয়। তাদের সকলের হাতে ছিল বোমা এবং আগ্নেয়াস্ত্র। রাতে বাজার এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকেন সিভিক ভলান্টিয়ার্স এবং বাজারের নিজস্ব নিরাপত্তারক্ষীরা। তাঁদের দড়ি দিয়ে বেঁধে রেখে লুটপাট চালায় দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়েছে দুষ্কৃতীরা। পরপর দু’টি সোনার দোকানে ডাকাতি করা হয়েছে বলে জানা গিয়েছে। দোকানের তালা ভেঙে দোকানের সমস্ত সোনা-রুপোর গয়না, মূল্যবান সম্পত্তি লুঠ করা হয়েছে বলে খবর। প্রাথমিক খবর অনুযায়ী, প্রায় লক্ষাধিক টাকার সোনা-রুপোর গয়না লুঠ করা হয়েছে।
ডাকাতির খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। সেখানে বেঁধে রাখা সিভিক ভলান্টিয়ার্স, নিরাপত্তারক্ষীদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে বেশ আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। বাজারের অন্যান্য দোকানীদের মতে, গত ১০-১৫ বছরেও এমন ডাকাতির ঘটনা ঘটেনি।
এই ঘটনার পিছনে কাদের হাত রয়েছে, এলাকায় কেউ এই ঘটনার সঙ্গে জড়িত কী না, তা খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তারক্ষী ও সিভিক ভলান্টিয়ার্স-সহ মোট ৫ জনকে বেঁধে রেখে যেভাবে লুটপাট করা হয়েছে, তাতে সন্দেহ বাড়ছে পুলিশের। সবটা খতিয়ে দেখা হচ্ছে।





