যতদিন এগোচ্ছে, এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে জট যেন আরও বাড়ছে। এবার ইডি-র নজরে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে ও জামাই। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠদের উপর নজর রেখে চলেছে ইডি। এই কারণে এবার পার্থর মেয়ে সোহিনী ভট্টাচার্য ও জামাই কল্যাণময় ভট্টাচার্যকে দ্রুত কলকাতায় আসার নির্দেশ দিল ইডি। তারা আপাতত আমেরিকাতে রয়েছেন।
এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই চাকরিপ্রার্থীরা এই আন্দোলন করে যাচ্ছেন। যোগ্য প্রার্থীর বদলে টাকা দিয়ে অন্য প্রার্থীকে চাকরি করে দেওয়ার অভিযোগ অনেকদিনের। এই এসএসসি দুর্নীতির মামলাতেই গত ২৩শে জুলাই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ইডি উদ্ধার করে টাকার পাহাড়। অর্পিতাকেও গ্রেফতার করা হয়েছে।
পার্থ ও অর্পিতা এই মুহূর্তে দু’জনেই ইডির হেফাজতে রয়েছেন। সূত্রের খবর, ইডির জেরায় অর্পিতা নানান প্রশ্নের জবাব দিলেও, পার্থ সেভাবে সহযোগিতা করেন নি। এদিকে, পার্থ ও অর্পিতার কথায় এই টাকা তাদের নয়। পার্থ মুখ খুলে বলেছেন যে তিনি ‘ষড়যন্ত্রের শিকার’।
পার্থ-অর্পিতার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই রাজ্যের নানান জায়গায় তল্লাশি চালায় ইডি। অর্পিতার নামে-বেনামে একাধিক সম্পত্তি রয়েছে। তা বাজেয়াপ্ত করেছে ইডি। উদ্ধার হয়েছে প্রচুর নথি। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠদের উপর নজর রেখেছে ইডি। এই ঘটনায় একাধিক প্রভাবশালীর যোগ থাকতে পারে বলে অনুমান ইডি আধিকারিকদের।
এবার তদন্তকারীদের নজরে রয়েছেন পার্থর মেয়ে ও জামাই। সূত্রের খবর অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার পার্থ ও অর্পিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। আর এরপরই সোহিনী ও কল্যাণময়কে ইমেল করে তলব করা হয়েছে। বর্তমানে তারা আমেরিকাতে রয়েছেন। দ্রুত কলকাতায় ফিরে ইডির দফতরে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের।
বলে রাখি, গত বুধবার পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়। তাদের ফের ২ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। আজ, শুক্রবার ফের তাদের আদালতে তোলা হবে।





