আজ, শুক্রবার ঘোষিত হল মাধ্যমিকের ফলাফল। গত বছর করোনার জেরে বাতিল হয়ে যায় মাধ্যমিক। তবে এই বছর করোনা পরিস্থিতি কাটিয়ে হয়েছে পরীক্ষা। জেলার ফলাফল কলকাতার থেকে ভালো। এবারের মাধ্যমিকে প্রথম স্থান পেয়েছে দু’জন পড়ুয়া। পূর্ব বর্ধমানের বাসিন্দা।
মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করেছে ঘাটালের রৌনক মণ্ডল। জীবনের প্রথম বড় পরীক্ষায় ৬৯২ নম্বর পেয়েছে সে। মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করার দরুন খুশির হাওয়া বইছে এখন রৌনকের পরিবারে। নিজেও খুবই খুশি সে।
রৌনকের ইচ্ছা সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। ছোটো থেকেই পড়াশোনায় খুবই ভালো রৌনক। পড়াশোনা ছাড়া যেন কিছু বুঝত না সে। সারাক্ষণ বই মুখে নিয়েই সময় কাটত তার। এই পড়া পড়া খেলার মধ্যে দিয়েই জীবনের প্রথম সাফল্য এল রৌনকের কাছে।
রৌনকের বাবা পেশায় একজন শিক্ষক আর মা সাধারণ গৃহবধূ। ছোটো থেকে বাবার কাছে পড়াশোনা করেছে সে। পড়ার ফাঁকে বিকেলের দিকে সময় পেলে একটু খেলতে যেত বটে। তবে পড়াশোনাই রৌনকের জীবনের ধ্যানজ্ঞান। সমস্ত বিষয়ের জন্য আলাদা আলাদা টিউশন নিত সে। এবার তার লক্ষ্য উচ্চমাধ্যমিক। জীবনে আরও সাফল্য পেয়ে আরও সামনের দিকে এগিয়ে যাওয়াই এখন রৌনকের জীবনের মূলমন্ত্র।





