রুদ্র ‘গেরুয়া’ ঘোষ! জোড়া ফুলকে বিদায় জানিয়ে পদ্মফুলে অভিনেতা! 

বাংলার অভিনেতা রুদ্রনীল ঘোষের বিজেপিতে যাওয়া খুব একটা চমকের ঘটনা নয়। কিন্তু যে হারে তৃণমূল নেতারা বাংলায় বিধানসভা নির্বাচনের আগে দলবদল করছেন তার পরিসংখ্যান অবশ্যই চমকে দেওয়ার মতো।

আজ অমিত শাহ’র বঙ্গ সফরে আসার কথা ছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণের ফলে তা বাতিল হয়ে যায়। কিন্তু তাতে কি! নিজে আসতে না পারলেও সবাইকে দিল্লিতে ডাকতে অসুবিধা কোথায়? আর তাই তড়িঘড়ি রাজধানীর পথে উড়ে গেলেন বৈশালী, রাজিব, প্রবীর, রুদ্রনীলরা।

বেশ কিছুদিন ধরেই বেসুরো কথা বলছিলেন বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। তবে তৃণমূল ত্যাগ করায় তাঁর মধ্যে বিন্দুমাত্র দ্বিধা  দেখা যায়নি।

তাঁর স্পষ্ট বক্তব্য দেশের ভোটাররা যদি প্রতি পাঁচ বছর অন্তর বদলের কথা চিন্তা করেন, তাহলে দেশের এক সাধারণ নাগরিক হিসেবে তাঁর রাজনৈতিক রং বদলে কোনও অসুবিধা থাকার কথা নয়।

এরপর‌ই বিজেপিতে যোগদানের জল্পনাকে চারগুণ বাড়িয়ে নেতাজি জন্ম জয়ন্তীতে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেল্ফি পোস্ট করেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তারপরই গুঞ্জন আরও জোরদার হয়। শোনা যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর সাক্ষাতের দৌত্যও করেন তিনি।

প্রসঙ্গত, টলিউডের উঠতি অভিনেতা সোহেল দত্তর জন্মদিনে আলাদা আলাদা সময়ে হাজির হন রাজীব ও শুভেন্দু। দুজনের সঙ্গেই দেখা যায় রুদ্রনীলকে। এরপর জল্পনা আরও বাড়তে থাকে। ইতিমধ্যেই টলি পাড়াতেও ফুল বদলের হিড়িক। জোড়া ফুল থেকে পদ্মের দিকে ঝুঁকে রয়েছেন বেশ কিছু মুখ।

তাৎপর্যপূর্ণ ভাবে, গতকালই বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ কৌশিক রায় জনসেবার উদ্দেশ্যে বিজেপিতে যোগ দিয়েছেন। আর তাঁর গেরুয়া শিবিরে যোগদানে হতভম্ব হয়েছেন অনেকেই। আজ সেই তালিকায় নাম লিখিয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়‌ও। তিনি যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ছিলেন।

 

RELATED Articles