পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে প্রহসন চলছে রাজ্যে, এমনটাই মত বিরোধীদের। আর হবে নাই বা কেন, শনিবার সকালে ভোট শুরু হওয়ার সময় থেকেই রাজ্যের নানান প্রান্তে মৃত্যু, বোমাবাজি, মারামারি, ভোট লুট, দুষ্কৃতীদের তাণ্ডবের খবর উঠে আসে। পঞ্চায়েত ভোটে রক্তে ভাসল বাংলা। আর এসবের মধ্যে নীরব দর্শকের ভূমিকায় দেখা গেল নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে।
কী পোস্ট করেছেন রুদ্রনীল?
রাজীব সিনহাকে এই নিয়ে বিদ্রুপ করতে ছাড়লেন না বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাঁর এক ব্যঙ্গাত্মক ছবি এঁকে তোপ দাগলেন রুদ্রনীল। এই ছবিতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনারের মাথার ওপর নীল-সাদা হাওয়াই চটি। তাঁর বয়ানেই ক্যাপশনে লেখা- “ম্যাডাম পেরেছি? হচ্ছে?- ইতি আদরের রাজীব।” শুধু তাই নয়, নির্বাচন কমিশনারকে ‘ষড়যন্ত্রের সেনাপতি’ বলেও তোপ দাগলেন রুদ্রনীল। তাঁর এই পোস্ট আপাতত নেটদুনিয়ায় দুর্নিবার গতিতে ভাইরাল হচ্ছে।
রুদ্রনীলের এই পোস্টের সমর্থনে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কমেন্ট করে লেখেন, “দারুণ দিয়েছ”। পঞ্চায়েত ভোটে যেভাবে সাধারণ মানুষও বলি হয়েছেন, তা নিয়ে রাজীব সিনহাকে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সরাসরি প্রশ্ন ছুঁড়ে বলেন, “আর কত রক্ত চাই”? নির্বাচন কমিশনারের বিরুদ্ধে খু’নের মামলা দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী ও কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিও।
প্রসঙ্গত, শনিবার ভোট শুরু হওয়ার প্রথম থেকেই নানান অভিযোগ আসতে থাকে কমিশনে। কিন্তু এদিন বেলা ১০টার সময় অফিসে পৌঁছন রাজীব সিনহা। এখনও পর্যন্ত ভোটে বলির সংখ্যা ১৫। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে কোনও টুঁ শব্দ খরচ করেন নি নির্বাচন কমিশনার।





