লোকসভা ভোট শুরু হতে আর দু’দিন বাকি। সমস্ত রাজনৈতিক নেতানেত্রীরাই এই সময় ব্যস্ত ভোট প্রচারে। রামনবমীতেও ভোট প্রচারে কোনও খামতি দেখা গেল না দলগুলির মধ্যে। তবে এবার যেন নানান তৃণমূল প্রার্থীদেরই এক অন্য মেজাজ দেখা গেল রামনবমী উপলক্ষ্যে। সায়নী ঘোষকে (Saayoni Ghosh) তো দেখা গেল মাথায় গেরুয়া পাগড়ি পরে হুড খোলা গাড়িতে প্রচার করতে। সেই সঙ্গে তাঁর মুখে উঠে এল রামনামও।
এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফে যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে সায়নী ঘোষকে (Saayoni Ghosh)। প্রার্থী ঘোষণার পর থেকেই জোরকদমে প্রচার চালাচ্ছেন সায়নী (Saayoni Ghosh)। আজ, বুধবার তাঁকে ভোট প্রচারে দেখা যায় মাথায় গেরুয়া পাগড়ি পরা অবস্থায়। ভোটের ঠিক আগে রাম আবেগে শান দিতে দেখা গেল নানান তৃণমূল প্রার্থীদেরই। সায়নীও এর ব্যতিক্রম নন।
লোকসভা ভোটের মুখে এমন কাজ বেশ তাৎপর্যপূর্ণ হলেও সায়নীর (Saayoni Ghosh) কিন্তু আবার এই নিয়ে ভিন্ন মত। তাঁর কথায়, “শ্রীরাম কি কারও পৈতৃক সম্পত্তি? নয় তো। বিজেপি মনে করে শ্রীরামের নামে শুধুমাত্র বিজেপির অধিকার আছে। ওরা ৩৬৫ দিন রামের নামে ভোট চায়। তৃণমূলকে অন্তত সেটা করতে হয় না”।
তৃণমূল প্রার্থীর বক্তব্য, মানুষ উন্নয়ন দেখেই তৃণমূলকে ভোট দেয়,। রামনবমীর এই মিছিল থেকে আবার মাতৃশক্তির বন্দনা করতেও শোনা গেল সায়নীকে (Saayoni Ghosh)। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মাটিতে আমরা রাধা-কৃষ্ণ বলি, লক্ষ্মী-নারায়ণ বলি, শিব-পার্বতী বলি… সেরকম রামচন্দ্রের ব্যাপারেও আমরা সবসময় বলি সিয়াপতি রামচন্দ্রের জয়। এটাই হল মাতৃশক্তি”।
প্রসঙ্গত, শুধুমাত্র সায়নী (Saayoni Ghosh) একা নন, রামনবমীর দিন একাধিক তৃণমূল প্রার্থীকে দেখা গেল রামনবমীর অনুষ্ঠানে। বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় যেমন যোগ দিলেন রামনবমীর শোভাযাত্রায়, তেমনই আবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকেও দেখা গেল এক রামনবমীর অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে। সকলেরই বক্তব্য, ভগবান রাম সকলের। কোনও নির্দিষ্ট দলের নয়। তবে কিছুদিন আগেও যখন খোদ তৃণমূল সুপ্রিমো ‘জয় শ্রী রাম’ শুনেই ক্ষোভ প্রকাশ করেছেন, সেখানে তাঁরই দলের নেতানেত্রীদের মুখে রামনাম শুনে হতভম্ব সকলেই। মুখে তারা যতই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিন না কেন, ভোটের কারণেই তাদের এই নয়া রূপ, তা একদিক থেকে বেশ স্পষ্ট।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!