রাজনৈতিক সৌজন্যতা! ভোট প্রচারে বেরিয়ে দেখা তৃণমূল নেতার সঙ্গে, বর্ষীয়ান নেতার পা ছুঁয়ে প্রণাম সৌমিত্র খাঁ-র

লোকসভা ভোট যতই এগিয়ে আসছে নানান রাজনৈতিক দলগুলির মধ্যে বিরোধিতা আরও বাড়ছে। একে অপরকে শানানো, ধমকানো, কোনও কিছুই বাদ পড়ছে না। বরং একে অপরকে তোপ দাগার ঘটনা আরও বাড়ছে দিনদিন। এমন আবহে এক অন্য দৃশ্যের সাক্ষী থাকল রাজ্য। তৃণমূল নেতাকে দেখে পা ছুঁয়ে প্রণাম করলেন বিজেপি প্রার্থী।

বাংলার ৪২টি আসনের মধ্যে আপাতত ২০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে বিষ্ণুপুর থেকে ফের সৌমিত্র খাঁ-কেই টিকিট দিয়েছে গেরুয়া শিবির। এই কেন্দ্র থেকে আবার তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছেন সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। ফলে একে অপরকে তোপ দাগতে ছাড়ছেন না কেউই। এর জেরে বিষ্ণুপুর কেন্দ্র আপাতত বেশ চর্চায়।

এই দুই শিবিরের উত্তাপের মাঝেই এবার দেখা মিলল এক অনন্য দৃশ্যের। বৃহস্পতিবার সকালেই ভোর প্রচারে বের হয়েছিলেন সৌমিত্র খাঁ। এদিন সাইকেলে চেপে অরচারে বেরিয়েছিলেন তিনি। সাইকেল থেকেই রাস্তার পাশে দাঁড়ানো লোকজনদের কাউকে দাদা, কাউকে কাকা বলে সম্বোধন করছিলেন তিনি। রাস্তাতেই তাঁর সঙ্গে দেখা হয় তৃণমূলের টাউন সভাপতি সুনীল দাসের সঙ্গে। তখনই তিনি ঘটিয়ে ফেললেন এক ঘটনা।

তৃণমূল নেতাকে দেখেই একগাল হেসে সাইকেল থেকে নেমে পড়েন সৌমিত্র। এরপরই তাঁর কাছে গিয়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করে বিজেপি নেতা। তৃণমূল নেতাকে জিজ্ঞাসাও করেন, “কেমন আছেন”? এরপর বেশ কিছুটা সময় কুশল বিনিময় হয় দু’পক্ষের মধ্যে। ফের যার যার গন্তব্যের দিকে রওনা দেন তারা। এই ঘটনাকে সৌজন্য বলেই উল্লেখ করেছেন দু’পক্ষই। তবে ভোটের আবহে সৌমিত্রের এমন রাজনৈতিক সৌজন্যতা নজর কেড়েছে সকলের।

এদিন প্রচারে বেরিয়ে বিষ্ণুপুরের মানুষজনকে পরিবেশ নিয়েও সচেতন করেন সৌমিত্র খাঁ। ব্যাটারি চালিত সাইকেল নিয়ে এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে প্রচার সারেন তিনি। বলে রাখি, আগে তৃণমূলেরই সৈনিক ছিলেন সৌমিত্র খাঁ। ২০১৪ সালে তৃণমূলের টিকিটেই বিষ্ণুপুর থেকে জিতেছিলেন তিনি। ২০১৯ সালের আগে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। এরপর বিজেপির টিকিটে জিতেই ফের বিষ্ণুপুরের সাংসদ হন তিনি।

RELATED Articles