মান অভিমানের পালা শেষ, “সিএএ লাগু হচ্ছেই” সাফ জানালেন শান্তনু ঠাকুর!

অবশেষে অভিমান ভঙ্গ হল সাংসদ এবং মতুয়া সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শান্তনু ঠাকুরের। হেস্টিংসের দলের নির্বাচনী সদরদপ্তরে বসে সাংবাদিক বৈঠক করলেন শান্তনু ঠাকুর এবং জানিয়ে দিলেন যে সিএএ লাগু হচ্ছেই। যারা সিএএ সমর্থন করেনা তাদের কাছে যাওয়ার প্রশ্নই নেই। অর্থাৎ প্রকারান্তরে তিনি বলেই দিলেন যে তিনি কোনোভাবেই তৃণমূলে যাচ্ছেন না।

প্রসঙ্গত গত কয়েক মাস ধরেই সিএএ কার্যকর করা নিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে বিজেপির মত বিরোধ তৈরি হচ্ছিল। হঠাৎ করেই তিনি মন্তব্য করে বসেন যে মতুয়াদের স্বার্থ সুরক্ষিত করতে তিনি যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও মুখ খোলেন এবং তাকে তখন তৃণমূলের যোগদানের আহ্বান জানান উত্তর ২৪ পরগণার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।আর এরপরেই নড়েচড়ে বসে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

সোমবারই কলকাতার একটি পাঁচতারা হোটেলে শান্তনুর সঙ্গে বৈঠকে বসেন বিজেপি নেতারা।আর আজকেই তাকে হেস্টিংসে বিজেপির নির্বাচনী সদরদপ্তরে মুকুল রায়ের পাশে বসে বলতে শোনা গেল যে সিএএ কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর তার পূর্ণ আস্থা রয়েছে।

তার কথায়, “সিএএ-এর ফলে এই দেশে মতুয়াদের নাগরিকত্ব সুরক্ষিত হয়েছে। এর পর শুধুমাত্র নাগরিকত্ব প্রদানের পর্ব বাকি। করোনা সংক্রমণের জন্য সেটা বিলম্বিত হচ্ছে। এব্যাপারে কেন্দ্রীয় সরকারের কী পরিকল্পনা তা আগামী মাসেই ঠাকুরনগরে জনসভা করে জানাবেন অমিত শাহ।”

তবে এই দিন মুকুল রায় তৃণমূল এবং বাম কংগ্রেসের উদ্দেশ্যে বিষোদগার করেন। ‌তার বক্তব্য, মতুয়াদের প্রকৃত উন্নয়ন এই তিনটি রাজনৈতিক দল তো কোনদিনও করেনি।তার বদলে তাদের শুধু ভোট ব্যাঙ্ক হিসাবেই ব্যবহার করে যাচ্ছে।

RELATED Articles